দিহান মারছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাকার বিপরীতে মার্কিন ডলারের অব্যাহত দরবৃদ্ধিই মূল্যস্ফীতি বাড়ার অন্যতম কারণ বলে মনে করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক মুস্তফা কে মুজেরী।
পরিস্থিতির উন্নতি না হলে ভবিষ্যতে মূল্যস্ফীতি আরো বাড়বে বলে সতর্ক করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই প্রধান অর্থনীতিবিদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "টাকার বিপরীতে ডলারের দর বৃদ্ধি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। আমাদের অর্থনীতি আমদানিনির্ভর। ডলারের দর বাড়লে আমদানি খরচও বেশি পড়ে। বেড়ে যায় পণ্যমূল্য। বাড়ে মূল্যস্ফীতি।"
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বুধবার প্রতি ডলার বিক্রি হয়েছে ৭৫ টাকা ১২ পয়সায়। রোজার ঈদের আগে রেমিটেন্স প্রবাহ বাড়ায় কয়েকদিন ডলারের বিপরীতে টাকা কিছুটা শক্তিশালী থাকলেও ঈদের পর থেকে টাকার মান কমছেই।
ঈদের আগে (২৯ আগস্ট) প্রতি ডলার বিক্রি হয়েছে ৭৩ টাকা ৬১ পয়সায়। বুধবার তা বিক্রি হয়েছে ৭৫ টাকা ১২ পয়সায়। এ হিসাবে মাত্র তিন সপ্তাহেই ডলারের বিপরীতে টাকার মান কমেছে ১ টাকা ৫১ পয়সা।
কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিময় হারের গতিবিধি পর্যালোচনা করে দেখা যায়, গত বছরের সেপ্টেম্বরে মার্কিন ডলারের গড় মূল্য ছিলো ৬৯ টাকা ৬৭ পয়সা। এক বছরে মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমেছে ৭ দশমিক ৮২ শতাংশ।
কে মুজেরী বলেন, "ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় আমদানি ব্যয় মেটাতে বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ পড়ছে। চাপ পড়ছে সরকারের বাজেট ব্যবস্থাপনাতেও।"
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২০১০-১১ অর্থবছরে গড় মূল্যস্ফীতির হার ছিলো ৮ দশমিক ৮ শতাংশ।
আর পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে অগাস্ট মাসে মূল্যস্ফীতির হার ছিলো ১১ দশমিক ২৯ শতাংশ, যা গত সাড়ে তিন বছরের মধ্যে সর্বোচ্চ।
চলতি ২০১১-১২ অর্থবছরের বাজেটে গড় মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশের মধ্যে থাকবে বলে ধরা হয়েছে।
তবে জ্বালানি তেল ও সিএনজির দাম বাড়ানোর সা¤প্রতিক সিদ্ধান্ত মূল্যস্ফীতি আরো বাড়াবে বলে শঙ্কা প্রকাশ করেন মুজেরী।
"এ পরিস্থিতিতে ডলারের দর যদি বেড়েই চলে, তাহলে মূল্যস্ফীতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, সেটাই এখন চিন্তার বিষয়," বলেন তিনি।
মুজেরি বলেন, শুধু পণ্য আমদানিতে নয়, ডলারের দর বাড়লে শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল আমদানিতেও খরচ বেড়ে যায়। এর ফলে খাদ্য বহির্ভূত অন্যান্য পণ্যের দামও বাড়ে।
তিনি বলেন, "আমাদের সব আমদানি বিলই ডলারে পরিশোধ করতে হয়। সে কারণে ডলারের দাম বাড়লে আমাদের আমাদের আমদানি খরচও বেশি পড়ে। চাপ পড়ে বৈদেশিক মুদ্রার মজুদে। স্বাভাবিকভাবেই স্থানীয় বাজারে পণ্যের দাম বাড়ে।"
ডলারের বিপরীতে টাকার মান কীভাবে শক্তিশালী হতে পারে- এ প্রশ্নে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ বলেন, "ডলারের সরবরাহ বাড়ানো ছাড়া অন্য কোনো পথ নেই। প্রবাসীদের পাঠানো অর্থের (রেমিটেন্স) প্রবাহ বাড়াতে হবে। বাড়াতে হবে ফরেন এইড (বৈদেশিক সাহায্য) প্রবাহ। তাহলে ডলারের সরবরাহ বাড়বে। আর সরবরাহ বাড়লে চাহিদা যতোই থাকুক না কেন দাম কমে আসবে।"
২০১১-১২ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) রেমিটেন্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৯৬ শতাংশ। ঈদের আগে প্রবাসীরা তাদের পরিবাব-পরিজনের কাছে বেশি অর্থ পাঠানোয় ওই দুই মাসে রেমিটেন্স বেশি এসেছে।
অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ আবার ১০ বিলিয়ন (এক হাজার কোটি) ডলারে নেমে এসেছে। চলতি মাসের প্রথম দিকে মজুদ ১১ বিলিয়ন ডলারে উঠেছিলো। বুধবার এর পরিমাণ ছিলো ১০ দশমিক ১৯ বিলিয়ন ডলার।
আমদানি ব্যয় কমাতে অপ্রয়োজনীয় এবং বিলাসবহুল পণ্য আমদানি নিরুৎসাহিত করার পরামর্শ দিয়েছেন মুস্তাফা মুজেরী। ওভার ইনভয়েসের (বেশি মূল্য দেখিয়ে পণ্য আমদানি) মাধ্যমে পণ্য আমদানি হচ্ছে কিনা- সে বিষয়টিও খতিয়ে দেখতে বলেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউ/১৫২৪ ঘ.
bdnews24