বরিশাল, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের গৌরনদী উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। এর প্রতিবাদে স্থানীয় বিএনপি শুক্রবার উপজেলা সদরে আধাবেলা হরতালের ডাক দিয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ পিঙ্গলাকাঠি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। নিহত মো. ফরিদ জমাদ্দার (২৫) ওই বিদ্যালয়ের শিক্ষক।
ফরিদ গৌরনদীর চাদশী গ্রামের প্রয়াত মোফছের জমাদ্দারের ছেলে। তিনি চাদশী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।
ফরিদের ভাই মো. শাহজালাল জমাদ্দার অভিযোগে করেন, উপজেলা ছাত্রলীগ কর্মী নয়ন-শরীফসহ অজ্ঞাত ৫/৭ জন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
গৌরনদী থানার ওসি নুরুল ইসলাম বলেন, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত নয়। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে ফরিদের সঙ্গে নয়নের বিবাদ ছিলো। গত মঙ্গলবার ফরিদকে হুমকি দিয়েছিলো নয়ন, এ কারণে নয়নকে সন্দেহ করছে তার পরিবার।
এদিকে ফরিদ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিদ্যালয়ের শিক্ষকরা।
এদিকে উত্তর জেলা বিএনপির প্রচার সম্পাদক ও গৌরনদী উপজেলা সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মিন্টু জানান, ফরিদকে হত্যার প্রতিবাদে শুক্রবার সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত গৌরনদীতে হরতাল ডাকা হয়েছে।
হরতালের সমর্থনে বিকেলে বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। তবে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় ১০ জন নেতা-কর্মী আহত হন বলে দাবি করেছেন মিন্টু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/সিএস/০০২১ ঘ.
bdnews24