২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজার কোটি টাকার পাপড় বিক্রির স্বপ্ন ফারুকের

যুক্তরাজ্যের বাজারে বছরে ১১ হাজার সাতশ' কোটি টাকা মূল্যের পাপড় রপ্তানির স্বপ্ন দেখছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 06:04 PM

Updated : 24 Aug 2022, 04:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যের বাজারে বছরে ১১ হাজার সাতশ' কোটি টাকা মূল্যের পাপড় রপ্তানির স্বপ্ন দেখছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেছেন, বিশ্ববাজারে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে (এসএমই) নিয়ে যাওয়ার অংশ হিসেবে যুক্তরাজ্যে রুচিবর্ধক পাপড় রপ্তানির জন্য তিনি ইতোমধ্যেই কয়েকটি পদক্ষেপ নিয়েছেন। জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনইএসসিএপি) বাণিজ্য ও বিনিয়োগ প্রতিবেদন ২০১১ প্রকাশ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে কবে নাগাদ এ লক্ষ্যমাত্রা পূরণ হতে পারে তা বিস্তারিত বলেননি মন্ত্রী। বাংলাদেশের মোট বার্ষিক রপ্তানি আয় ২৩ বিলিয়ন ডলার। এর প্রায় ৭০ শতাংশই আসে পোশাক রপ্তানি থেকে। খাদ্যপণ্য রপ্তানি থেকে বাংলাদেশের আয় নামমাত্র। মন্ত্রী বলেন, যুক্তরাজ্যে পাপড় রপ্তানির লক্ষ্যে দিনাজপুরের কয়েকজন কারিগরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সরকারি গবেষণাগারে পরীক্ষা করে তাদের পাপড়ের মান যাচাই করা হয়েছে। "এ ব্যাপারে আমি ইতোমধ্যে লন্ডনের কয়েকজন খাবারের দোকানের মালিকের সঙ্গে কথা বলেছি। তারা আগ্রহ দেখিয়েছে।" তিনি বলেন, লন্ডনে বাংলাদেশিদের মালিকানায় ১৫ হাজার খাবারের দোকান আছে। দুপুর ও রাতের খাবারের সঙ্গে রুচিবর্ধক হিসেবে ক্রেতাদেরকে তারা পাপড় দেয়। এক টুকরো পাপড়ের দাম রাখা ৫০ পেনি। "সব রেস্তোঁরা আমাদের পাপড় বিক্রি করলে আমরা বছরে ১১ হাজার সাতশ' কোটি টাকা (এক বিলিয়ন পাউন্ড) আয় করতে পারি। পাপড় বানানোতে আমরা অনন্য।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/জিএনএ/২৩৫৭ ঘ.