২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রান্সফরমার নষ্ট, তাই বিদ্যুৎ নেই ১১ দিন

ট্রান্সফরমার নষ্ট থাকায় চট্টগ্রাম নগরীর ৭ নম্বর ষোলশহর ওয়ার্ডের কয়েকটি এলাকায় ১১ দিন ধরে বিদ্যুৎ নেই। ভোগান্তিতে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন বাসিন্দারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 05:37 PM

Updated : 24 Aug 2022, 04:03 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রান্সফরমার নষ্ট থাকায় চট্টগ্রাম নগরীর ৭ নম্বর ষোলশহর ওয়ার্ডের কয়েকটি এলাকায় ১১ দিন ধরে বিদ্যুৎ নেই। ভোগান্তিতে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন বাসিন্দারা। স্থানীয়রা বলছেন, ট্রান্সফরমার ঠিক করতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কর্মকর্তাদের 'টাকা' দিয়েও কোনো কাজ হয়নি। গত ১১ সেপ্টেম্বর থেকে বন্ধ থাকা বিদ্যুৎ সংযোগ রোববারের আগে স্বাভাবিক হবে না বলে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। ওই এলাকার নাজির পাড়ার বাসিন্দা ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১১ সেপ্টেম্বর ট্রান্সফরমার নষ্ট হওয়ায় বিদ্যুৎ সংযোগ চলে যায়। এরপর থেকেই নাজির পাড়া, তালতল, মোহাম্মদপুর, হিন্দু পাড়া ও ফরিদার পাড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এখনো সংযোগ দিতে পারেনি কর্তৃপক্ষ। তিনি বলেন, "পরিবারের সদস্যদের নিয়ে দিনের পর দিন অন্ধকারে থাকা অসম্ভব। তাই সবাইকে এক আত্মীয়ের বাসায় পাঠিয়ে দিয়েছি। নিরাপত্তার কখা ভেবে আমি শুধু ঘরে আছি।" ওই এলাকার বাসিন্দা সরকারি কমকর্তা মোজাম্মেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদ্যুৎ না থাকায় পানিও পাওয়া যাচ্ছে না। এদিকে বাচ্চাদের স্কুল খোলা থাকায় কোথাও যাওয়াও যাচ্ছে না। এই পরিস্থিতিতে ফরিদের পাড়া ছেড়ে পরিবার নিয়ে বোয়ালখালী গ্রামে গেছেন সিরাজুল ইসলাম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছেলে-মেয়েদের স্কুল-কলেজ খোলা। তারপরেও তিনদিন আগেই গ্রামে চলে আসতে বাধ্য হয়েছি। নাজির পাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ মুছা বিল্ডিংয়ের মালিক মো. মুছা জানান, ১১ তারিখ থেকে এলাকায় বিদ্যুৎ না থাকায় ওই ভবনের ১৫ পরিবারের মধ্যে ১০টিই আত্মীয়-স্বজনের বাসা এবং গ্রামের বাড়িতে চলে গেছেন। "বাড়ির মালিক না হলে আমিও চলে যেতাম," বলেন মুছা। স্থানীয়রা বলছেন, তারা চাঁদা তুলে ট্রান্সফরমার মেরামতের জন্য পিডিবির কালুরঘাট স্টেশনের কর্মকর্তাদের দিলেও ১১ দিনে ট্রান্সফরমার বসানো হয়নি। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এস এম ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রান্সফরমার যতোবার নষ্ট হয় ততোবারই মেরামতের জন্য টাকা দিতে হয়। টাকা ছাড়া কখনোই ট্রান্সফরমার স্থাপন হয়নি দাবি করে কাউন্সিলর বলেন, কয়েকদিন আগে নাজির পাড়া এলাকার ট্রান্সফরমার নষ্ট হলে মেরামতের জন্য টাকা দিলে বিদ্যুৎ সংযোগ পায় এলাকাবাসী। কিন্তু কয়দিন পর আবারো সেটি নষ্ট হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক বাসিন্দা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পিডিবি'র কর্মকর্তারা ট্রান্সফরমার মেরামত বাবদ ৩৫ হাজার টাকা দাবি করেছিলেন। অবশ্য পিডিবি দক্ষিণাঞ্চলের (বিতরণ) জনসংযোগ কর্মকর্তা মো. মনিজরুজ্জামানের দাবি, ট্রান্সফরমার মেরামতের জন্য টাকা নেওয়ার সঙ্গে বিদ্যুৎ বিভাগের লোকজন জড়িত নয়। কালুরঘাট বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অতিরিক্ত ট্রান্সফরমার না থাকায় নষ্ট হওয়া ট্রান্সফরমার মেরামত করেই প্রতিস্থাপন করতে হয়।" তবে বৃহস্পতিবার হরতাল এবং শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় রোববারের আগে ট্রান্সফরমার স্থাপন সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি। বিািডনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এএইচ/জেকে/২৩৩১ ঘ.