জয়পুরহাট, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলের সদস্যরা বুধবার জয়পুরহাটের একটি বধ্যভূমি পরিদর্শন করেছে।
দুপুরে তারা জেলার কড়ইকাদিপুর বধ্যভূমি পরিদর্শন করেন।
শুক্রবার পর্যন্ত তারা বিভিন্ন বধ্যভূমি পরিদর্শন করবেন। শনিবার জয়পুরহাট ছেড়ে যাবেন।
সহকারী পুলিশ সুপার (এএসপি) হেলাল উদ্দীনের নেতৃত্বে পরিদর্শন দলে ছিলেন ইন্সপেক্টর আলতাফুর রহমান, ইন্সপেক্টর আতাউর রহমানসহ পাঁচজন।
বধ্যভূমি পরিদর্শন শেষে তদন্ত দলের সদস্যদের কাছে তদন্তের ব্যাপারে জানতে চাইলে তারা কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
তদন্ত দলের সঙ্গে থাকা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার আবুল হোসেন ও জেলা আওয়ামী লীগের সিনিয়ার সহ-সভাপতি মোল্লা শামছুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তদন্ত দলের সদস্যরা প্রায় দুই ঘণ্টারও বেশি সময় কড়ইকাদিপুর বধ্যভূমি ঘুরে ঘুরে দেখে।
একাত্তরে এই বধ্যভূমিতে রাজাকার, আল-বদরদের সহায়তায় হিন্দু স¤প্রদায়ের স্থানীয় মৃৎ শিল্পীদের হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী।
এই দুই নেতা আরো জানান, তদন্ত দলের সদস্যরা শহীদ পরিবারের প্রায় ১০/১২ জনের সঙ্গে কথা বলেন। মুক্তিযুদ্ধকালে কয়জনকে এখানে হত্যা করা হয়, কীভাবে তাদের হত্যা করা হয় এসব বিষয় নিয়ে তারা কথা বলেন।
তদন্ত দলটি শুক্রবার পর্যন্ত বিভিন্ন বধ্যভূমি পরিদর্শন শেষে শনিবার জয়পুরহাট ছেড়ে যাবেন।
পরিদর্শনকালে স্থানীয় মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
গত ৯ মার্চ ও ১৯ জুন দুইবার আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল জয়পুরহাটে আসে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়।
যুদ্ধাপরাধের অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের অন্যতম শীরক মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের পাঁচ নেতা এখন কারাবন্দি।
একই অভিযোগে গত বছরের ১৬ ডিসেম্বর গ্রেপ্তার করা হয় বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৫৬ ঘ.
bdnews24