২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ৩১

বিএনপি'র ডাকা বৃহস্পতিবারের হরতালকে কেন্দ্র করে খাগড়াছড়িতে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩১ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 01:00 PM

Updated : 24 Aug 2022, 04:03 PM

খাগড়াছড়ি, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি'র ডাকা বৃহস্পতিবারের হরতালকে কেন্দ্র করে খাগড়াছড়িতে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩১ জন আহত হয়েছে। বুধবার সকালে জেলা শহরে বিএনপি কার্যালয়ে সামনে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক মো. মিজান, ধর্ম বিষয়ক সম্পাদক মহিউদ্দিন, দপ্তর সম্পাদক মো. আব্দুল মান্নান, পৌর ছাত্রদলের সম্পাদক মো. রাসেল, ছাত্রলীগের খাগড়াছড়ি কলেজ সভাপতি জুয়েল সিকদার, জেলা সাংগঠনিক সম্পাদক ফেকু চাকমা, জেলা দপ্তর সম্পাদক অংপ্রু মারমা। তাদের খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া চার পুলিশসহ বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সদর থানার ওসি আবুল কালাম জানান, দুই দলের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে লাঠিসোটা ও ইটপাটকেল ব্যবহার করেছে। আহতদের মধ্যে ছাত্রদলের নয়জন এবং ছাত্রলীগের ১৮ জন রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আওয়ামী লীগ কার্যালয় থেকে হরতাল বিরোধী মিছিল বের করে ছাত্রলীগ। মিছিলটি বিএনপি কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় উত্তেজনার সৃষ্টি হয়। আহত ছাত্রলীগ নেতা জুয়েল সাংবাদিকদের কাছে দাবি করেন, ওই সময় বিএনপি কার্যালয় থেকে তাদের মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। অপরদিকে ছাত্রদল নেতা মো. মিজান দাবি করেন, ছাত্রলীগই পুলিশের ছত্রছায়ায় তাদের অফিসে ইটপাটকেল নিক্ষেপ করে। ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে বিকালে বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের ছয়জ নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এরা হলেন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবুল কাশেম, যুবদল নেতা মাহবুব ইসলাম, গোলাবাড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক নুরুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদল নেতা সোহেল, মানিকছড়ি উপজেলা ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম ও রামগড়ের যুবদল নেতা শাহীন আলম। তবে পুলিশ এ গ্রেপ্তারের কথা স্বীকার করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৩১ ঘ.