ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি শান্তিপূর্ণ হরতাল করতে চায় জানিয়ে দলের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এতে কোনো ধরনের বাধা এলে উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে।
চার দলের হরতালের আগের দিন বুধবার নয়া পল্টনে এক সমাবেশে এ কথা বলেন তিনি। জ্বালানি তেল ও সিএনজির দাম বাড়ানোর প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে ডাকা হরতালের সমর্থনে এ সমাবেশ হয়।
দলীয় কার্যালয়ের সামনের ওই সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল বলেন, "হরতাল জনগণের অধিকার। তাই সরকারকে সাবধান করে দিতে চাই, মানুষের এই অধিকারকে খর্ব করবেন না।"
হরতালের নামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা প্রতিহত করা হবে বলে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে।
এ হুঁশিয়ারির জবাবে ফখরুল বলেন, "আমাদের শান্তিপূর্ণ হরতালে বাধা দেওয়া হলে তার দায় সরকারকেই বহন করতে হবে।"
জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদের নামে বিরোধী দল যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য হরতাল ডেকেছে বলে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারি দলের নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, "তারা এ হরতাল নিয়ে যে ভাষায় কথা বলছেন, তা রাজনীতির ভাষা নয়।"
জ্বালানির দাম বাড়ানোর সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খোন্দকার মোশাররফ হোসেন সমাবেশে বলেন, "গত কয়েক মাসে এভাবে দাম বৃদ্ধি অতীতে কখনোই হয়নি। জ্বালানি তেল ও সিএনজির দাম বাড়ানোর ফলে দ্রব্যমূল্য বাড়বে। বাড়বে জনদুর্গতিও।"
"এই সরকার জনগণের ভোটে ক্ষমতায় আসেনি। তারা প্রতিবেশী দেশের বস্তাভর্তি টাকা নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় বসেছে। সেজন্য মানুষের দুর্ভোগ লাগবে তাদের কোনো চিন্তা নেই," বলেন তিনি।
হরতাল প্রতিহতে সরকারি দলের নেতাদের ঘোষণার জবাবে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, "ক্ষমতাসীনরা হরতালে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন। তারা বলেছেন- গাড়ি ভাংচুর করা হলে জবাব দেওয়া হবে। আমরা বলে দিতে চাই- বিএনপি গাড়ি ভাংচুর ও জ্বালাও-পোড়াও করে না। আপনারাই (ক্ষমতাসীন) চোরাগুপ্তা হামলা করে হরতাল বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।"
ঢাকা মানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে বক্তব্য রাখেন নজরুল ইসলাম খান, আলতাফ হোসেন চৌধুরী, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, ফজলুল হক মিলন, আবদুস সালাম, সাইফুল আলম নিরব, হাবিবউন নবী খান সোহেল, নুরে আরা সাফা, সুলতান সালাহউদ্দিন টুকু। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর বিএনপির সভাপতি ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা।
সমাবেশের পর একটি মিছিল শুরু হয়ে কাকরাইল মোড় হয়ে আবার দলীয় কার্যালয়ের সামনে ফিরে শেষ হয়। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজার খানেক নেতা-কর্মী অংশ নেন।
বিক্ষোভ মিছিল শেষে নয়া পল্টনে দুটি গাড়িকে ঢিল ছোড়া হলে সেখানে থাকা পুলিশ সদস্যরা মারমুখী হয়ে ওঠে। এতে নেতা-কর্মীরা ছুটোছুটি শুরু করে। তবে এতে কেউ হতাহত হয়নি।
এর আগে ছাত্রদল কর্মীদের একটি অংশ কার্যালয়ের সামনের একটি টায়ার এনে তাতে আগুন ধরিয়ে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮২২ ঘ.
bdnews24