২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দি জঙ্গির জন্য পাঠানো জুতার মধ্যে মোবাইল

কারাবন্দি দুই জেএমবি সদস্যের জন্য জুতা নিয়ে আদালতে এসেছিলেন তাদের দুই আত্মীয়। কিন্তু সেই জুতার মধ্যে মোবাইল ফোন পেয়ে তাদেরও গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 11:06 AM

Updated : 24 Aug 2022, 04:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি দুই জেএমবি সদস্যের জন্য জুতা নিয়ে আদালতে এসেছিলেন তাদের দুই আত্মীয়। কিন্তু সেই জুতার মধ্যে মোবাইল ফোন পেয়ে তাদেরও গ্রেপ্তার করেছে পুলিশ। কারাবন্দি জেএমবি সদস্য মোহাম্মদ হোসাইন ও আবদুল মালেক বঙ্গবন্ধু এভিনিউয়ে ২১ অগাস্ট গ্রেনেড মামলার আসামি। তাদের জন্য বুধবার দুপুরে মহানগর হাকিমের আদালত প্রাঙ্গনে জুতা নিয়ে আসেন মো. রশিদ আহমেদ ও ওকালত হোসেন। সেগুলো পৌঁছে দেওয়ার জন্য দায়িত্বরত পুলিশ সদস্যদের অনুরোধ করেন তারা। কোতয়ালী থানার অপারেশন অফিসার মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রশিদ ও ওকালত দুই বাক্স জুতা এনে মোহাম্মদ হোসাইন ও আবদুল মালেককে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু পরীক্ষা করে দেখা যায়, বাক্সে জুতার মধ্যে মোবাইল ফোন দিয়ে দেওয়া হয়েছে। এরপর জুতা আর মোবাইল সেটসহ তাদের আটক করা হয়। রশিদ ও ওকালতের বিরুদ্ধে মামলা করা হবে বলে পুলিশ কর্মকর্তা জানান। কোতয়ালী থানা পুলিশ জানায়, রশিদ আহমেদ মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল মসজিদের ইমাম। তিনি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার নলডাঙ্গা ইউনিয়নের ফয়লা গ্রামের আবদুর রউফ মিয়ার ছেলে। মোহাম্মদ হোসাইনের আত্মীয় পরিচয়ে তার জন্য জুতা নিয়ে আদালতে এসেছিলেন রশিদ। আর ওকালত হোসেন এসেছিলেন আবদুল মালেকের আত্মীয় পরিচয়ে, মালেকের স্ত্রীকে সঙ্গে নিয়ে। তিনি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার কাজলা ইউনিয়নের ইন্দ্র গ্রামের সামশুর রহমানের ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৬৫৮ ঘ.