মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের আওয়ামী লীগ নেতা, সাবেক সংসদ সদস্য আব্দুল করিম আর নেই।
বার্ধক্যজনিত কারণে বুধবার সকালে ঢাকার বাংলাবাজারে নিজের বাড়িতেই মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিলো ৮৮ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
বুধবার বিকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম ঈদগাঁ মাঠে জানাজা শেষে সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে করিম ব্যপারীর ভাগ্নে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মহসিন মাখন সাংবাদিকদের জানিয়েছেন।
বঙ্গবন্ধুর সহচর করিম ব্যাপারী ১৯৫৪ সালে মুসলিমের লীগের প্রার্থীকে পরাজিত করে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭০ সালেও প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।
১৯৭৩ সালে দেশের প্রথম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন করিম। তিনি দীর্ঘদিন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি মুন্সীগঞ্জের বিনোদপুর বণিক সমিতির সভাপতি ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১৮ ঘ.
bdnews24