২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের সমর্থনে বিকালে বিএনপির বিক্ষোভ

জ্বালানি তেল ও সিএনজির দাম বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে বিকালে নয়া পল্টনে বিক্ষোভ করবে বিএনপি। এদিকে হরতালের সময় কমানো হয়েছে এক ঘণ্টা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 05:38 AM

Updated : 24 Aug 2022, 04:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেল ও সিএনজির দাম বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে বিকালে নয়া পল্টনে বিক্ষোভ করবে বিএনপি। এদিকে হরতালের সময় কমানো হয়েছে এক ঘণ্টা। মঙ্গলবার হরতালের ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলনেই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিছিলের কর্মসূচি জানিয়েছিলেন। বিএনপি নেতারা জানান, বিকাল ৩টায় নয়া পল্টনের এ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা এতে যোগ দেবেন। বিএনপির যুগ্মমাসচিব রুহুল কবীর রিজভী বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনিবার্য কারণে হরতালের সময় এক ঘণ্টা কমানো হয়েছে। আগে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতালের ঘোষণা থাকলেও এখন বিকাল ৫টায় হরতাল শেষ হবে, যদিও কী কারণে সময় কমানো হয়েছে তা স্পষ্ট করেননি বিএনপি নেতারা। আগামী ২৭ সেপ্টেম্বর পল্টনে জনসভা থেকে খালেদা জিয়ার সরকারবিরোধী আন্দোলনের কথা থাকলেও জ্বালানির দাম বৃদ্ধি এবং সোমবার ঢাকায় জামায়াতে ইসলামীর সঙ্গে পুলিশের সংঘর্ষের পর হরতাল ডাকে বিএনপি। বিএনপির পাশাপাশি চারদলীয় জোটের অংশীদার জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও ইসলামী ঐক্যজোটও বৃহস্পতিবার হরতাল ডেকেছে। অলি আহমদ নেতৃত্বাধীন এলডিপি এ হরতালে সমর্থন দিয়েছে। বিএনপির অন্য দাবির মধ্যে রয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি ও শেয়ারবাজারে অস্থিরতা রোধে পদক্ষেপ গ্রহণ এবং বিরোধী দলের নেতা-কর্মীদের মুক্তি দেওয়া। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকারের আমলে এটি বিএনপির ডাকা সপ্তম হরতাল। সর্বশেষ গত ৬, ৭ ও ৮ জুলাই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালসহ পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে সারাদেশে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করে বিএনপি ও সমমনা দলগুলো। ২০০৯ সালের জানুয়ারিতে বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার দেড় বছর পর ২০১০ সালের ২৭ জুন প্রথম হরতাল ডাকে বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১১৩০ ঘ.