২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'হুন্ডি ব্যবসায়ী' কাজলের সহযোগী বকুল গ্রেপ্তার

ঝিনাইদহের কোটচাঁদপুরে বহু আলোচিত 'হুন্ডি ব্যবসায়ী' কাজলের সহযোগী ও কারাদণ্ডপ্রাপ্ত আসামি শাহানুর আলম বকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 08:56 PM

Updated : 24 Aug 2022, 04:02 PM

ঝিনাইদহ, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কোটচাঁদপুরে বহু আলোচিত 'হুন্ডি ব্যবসায়ী' কাজলের সহযোগী ও কারাদণ্ডপ্রাপ্ত আসামি শাহানুর আলম বকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বকুল কালীগঞ্জ উপজেলার বড় ধোপাদী গ্রামের মোশারফ হোসেনের ছেলে। হুন্ডি ব্যবসার নামে প্রতারণার দায়ে ২০০৮ সালে ঝিনাইদহের একাটি আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং সাড়ে ৬৪ লাখ টাকা জরিমানা করে। কালীগঞ্জ থানার ওসি মো. কামরুজ্জামান জানান, ১৯৯০ দশকের শুরুর দিকে ফরুক আহমেদ কাজল নামের এক ব্যক্তি হুন্ডি ব্যবসার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ শুরু করে। এক লাখ টাকা জমা দিলে মাসে ১২ হাজার টাকা লাভের প্রলোভন দেখিয়ে হাজার হাজার মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় কাজল এবং তার 'এজেন্টরা'। শাহনুর আলম বকুল সেই এজন্টদেরই একজন। এক পর্যায়ে কাজল লাভের টাকা দিতে না পারায় লগ্নিকারীরা তার বিরুদ্ধে মামলা করে। পুলিশ ২০০০ সালের জুন মাসে কাজলকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। এ নিয়ে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। ফলে কাজলের সহযোগীরা গা ঢাকা দেয়। এরইমধ্যে এক লগ্নিকারীর মামলায় বকুলকে কারাদণ্ড ও জরিমানা করে আদালত। ওসি বলেন, "দণ্ড মাথায় নিয়ে বকুল এতোদিন ভারতে পলাতক ছিলেন। স¤প্রতি তিনি দেশে ফেরেন। ফিরে আসার খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় ধোপাদী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।" এদিকে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালে জামিনে ছাড়া পেয়ে পালিয়ে যান সেই হুন্ডি ব্যবসার মূল হোতা কাজল। তার সঙ্গে 'মাঝে মধ্যে' দেখা হতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন বকুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০২৫৪ ঘ.