২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলা ছিল পরিকল্পিত: পুলিশ

ভবিষ্যতে জামায়াতে ইসলামীর যে কোনো কর্মসূচির ক্ষেত্রে পুলিশ আরো কঠোর অবস্থান নেবে- একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে এমন আভাসই পেয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক লিটন হায়দার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 07:16 PM

Updated : 24 Aug 2022, 04:02 PM

লিটন হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বিজয়নগরে পুলিশের ওপর জামায়াতে ইসলামী কর্মীদের হামলা, ভাংচুর এবং গাড়ি পোড়ানোর বিষয়টি পরিকল্পিত ছিল দাবি করে পুলিশ কর্মকর্তারা বলছেন, এ ব্যাপারে তারা আগেই 'আভাস' পেলেও এতোটা ভয়াবহতার জন্য প্রস্তুত ছিলেন না। ভবিষ্যতে এই দলটির যে কোনো কর্মসূচির ক্ষেত্রে পুলিশ আরো কঠোর অবস্থান নেবে বলেই আভাস মিলেছে একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার কথায়। সোমবার বিকেলে জামায়াত নেতা-কর্মীরা পূর্ব নির্ধারিত কর্মসূচি পালনে মতিঝিলসহ বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হলে বিজয়নগর এলাকায় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। এ সময় তারা পুলিশের গাড়িসহ অন্তত ১৫টি বাহনে আগুন দেয় এবং ২৫টি গাড়ি ভাঙচুর করে। সংঘর্ষ হয় চট্টগ্রামেও। পুলিশের গোয়েন্দা বিভাগের উপ কমিশনার মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জামায়াত-শিবিরের ওই হামলা ছিল পূর্ব পরিকল্পিত। যারা হামলায় জড়িত ছিল তাদের অধিকাংশই বাছাই করা ক্যাডার এবং ঢাকার বাইরে থেকে আসা। দলটির যে শীর্ষ নেতারা গ্রেপ্তার হয়েছেন তারাও প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে বিষয়টি স্বীকার করেছেন।" ওই ঘটনার পর রাতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, প্রচার সম্পাদক তাসনীম আলমসহ দলটির তিন কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করা হয়। এরপর রাতভর অভিযান চালায় র‌্যাব ও পুলিশ। মঙ্গলবার সকাল পর্যন্ত ঢাকাতেই ২৬১ জনকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে পুলিশের বিশেষ বিভাগ (এসবি) আগেই পূর্বাভাস দিলেও শেষ পর্যন্ত তা যে এতোটা 'ভয়াবহ' হয়ে উঠবে তা 'ধারণার বাইরে ছিল' বলে উল্লেখ করেন মনিরুল ইসলাম। তিনি জানান, সোমবার রাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বসে পুরো ঘটনা পর্যালোচনা করেছেন। মঙ্গলবার জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতাসহ গ্রেপ্তারকৃতদের আসামি করে ঢাকা ও চট্টগ্রমে মোট ৯টি মামলা করে পুলিশ। এর মধ্যে ঢাকার রমনা থানায় ছয়টি এবং পল্টন থানায় দুটি মামলা হয়। এ ছাড়া চট্টগ্রামের পাঁচলাইশ থানায় হয়েছে একটি মামলা। পল্টন থানার দুটি মামলার এজাহারে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে শটগান থেকে ৩২৬টি গুলি এবং ২৬২টি টিয়ার শেল নিক্ষেপ করতে হয়। সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় প্রায় একশ কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে পুলিশ। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি সামাল দিতে পুলিশের কৌশলগত কিছু ভুল ছিল। এ কারণেই পুলিশের একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। জামায়াত-শিবির কর্মীদের 'হামলার' মুখে পুলিশ বেকায়দায় পড়ে যায় এবং ঘটনাস্থলে উপস্থিত পুলিশের প্রায় সব ঊর্ধ্বতন কর্মকর্তা নিরাপদ আশ্রয় নিতে 'বাধ্য হন'। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অবশ্য মনিরুল ইসলামের দাবি, জামায়াত-শিবির কর্মীরা সোমবার 'সর্বোচ্চ শক্তি' প্রয়োগ করে হামলা চালালেও পুলিশ ততোটা কঠোর হয়নি। সোমবারের ঘটনার সময় দায়িত্বরত একাধিক পুলিশ কর্মকর্তা অভিযোগ করেছেন, তাদের ব্যবহারের জন্য যে শটগানের গুলি দেওয়া হয়েছে, তা খুবই নিুমানের। অধিকাংশ গুলিই বিক্ষোভকারীদের কাছে যায়নি। গোয়েন্দা পুলিশের আরেক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াত ইসলামী আগামী যাতে আর রাজনৈতিক কর্মসূচির নামে আর 'বিশৃঙ্খলা সৃষ্টির' সুযোগ না পায়- সে বিষয়ে কঠোর হবে পুলিশ। এ বিষয়ে গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মনিরুল বলেন, "তারা কর্মসূচি দেয় রাজনৈতিক, কিন্তু ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালায়। এর আগেও তারা এটা করেছে।" পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকারও মনে করেন, সোমবারের বিশৃঙ্খলা ছিল পরিকল্পিত। তিনি বলেন, "গাড়ি পোড়ানো হয়েছে, জনজীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা নাশকতা করেছে বলেই পুলিশ অ্যাকশনে গেছে।" পুলিশের কৌশলে কোনো ভুল ছিল কি না- এ প্রশ্নের জবাবে আইজি বলেন, ঘটনা নিয়ন্ত্রণে পুলিশ আন্তরিক ছিল। তারা পেশাদারিত্বেরই পরিচয় দিয়েছে। "পুলিশের কোনো দুর্বলতা ছিল কি না- তা তদন্তসাপেক্ষ বিষয়। সেখানে কি পরিস্থিতিতে এ ঘটনা ঘটেছে তা ভালভাবে তদন্ত না করলে বলা যাবে না। এ ঘটনায় মামলা হয়েছে। তদন্তও চলছে।" এ ধরনের ঘটনার কোনো আভাস পেয়েছিলেন কি না জানতে চাইলে তিনি বলেন, "এটা গোপনীয় ব্যাপার। বলা উচিৎ হবে না।" বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় হত্যা, লুণ্ঠনসহ বিভিন্ন অভিযোগে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও কাদের মোল্লার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ আদালতে। সোমবারের ঘটনায় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, প্রচার সম্পাদক তাসনীম আলম ও কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মোহাম্মদ ইজ্জতউল্লাহ গ্রেপ্তার হওয়ার পর দলটির শীর্ষস্থানীয় আট নেতা বর্তমানে কারাগারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/০১০৫ ঘ.