চট্টগ্রাম, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটক)- নগরীর আন্দরকিল্লা ওয়ার্ডে বান্ডেল সেবক কলোনির দুটি ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন সিটি মেয়র মনজুর আলম।
মঙ্গলবার দুপুরে বান্ডেল সেবক কলোনি পরিদর্শন শেষে মেয়র এ নির্দেশ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ।
পরিদর্শনকালে মেয়র বলেন, সেবকরাই সিসিসি'র প্রাণশক্তি। তাদেরকে মৃত্যু ঝুঁকিতে রেখে আমরা বসে থাকতে পারি না। সেবকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পুরনো ভবন দুটি ভেঙে ফেলা হবে।
সিসিসি'র তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী রোববার থেকেই পুরনো ভবন দুটি (চার তলা বিশিষ্ট) ভাঙার কাজ শুরু হবে। ভবন দুটিতে বসবাসকারী ২৪ টি পরিবারকে কলোনির নব নির্মিত একটি ছয় তলা ভবনে আগামীকাল (বুধবার) থেকে স্থানান্তর করা হবে।
তিনি জানান, বান্ডেল কলোনিতে আরো দুটি ছয় তলা নতুন ভবনের নির্মাণ কাজ চলছে। আগামী ডিসেম্বরের মধ্যেই নির্মাণাধীন ভবন দুটির কাজ শেষ হবে। মোট ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন তিনটি ভবনে শতাধিক সেবক পরিবারের আবাসন সুবিধা দেওয়া সম্ভব হবে।
আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহর লাল হাজারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় ৩০ বছরেরও বেশি পুরনো ভবন দুটিতে ২৪ সেবক পরিবার অত্যন্ত ঝুঁকিতে বসবাস করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএল/২০০৫ ঘ.
bdnews24