চট্টগ্রাম, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে গ্রেপ্তার ইসলামী ছাত্র শিবিরের আট কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে আট শিবির কর্মীকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন আক্তারের আদালতে হাজির করা হয়।
জেলা আদালতের পুলিশ পরিদর্শক অনু মং মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালত হেফাজতের আবেদন গ্রহণ করে গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।
বুধবার এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
সোমবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পযর্ন্ত চবি'র সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালিয়ে বহিরাগত আট শিবিরকর্মীকে আটক করে পুলিশ।
এরা হলেন- দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের আবু বকর ও কবির হোসেন, চতুর্থ বর্ষের ইয়াসিন আরাফাত, আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের দেলোয়ার হোসেন ও চতুর্থ বর্ষের সিদ্দিক আহমেদ, ইংরেজি বিভাগের প্রথম বর্ষের আমিনুল ইসলাম ও ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের আতিকুর রহমান।
হাটহাজারী থানার ওসি মোহাম্মদ সামিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ৫৪ ধারায় মামলা করেছে। এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএল/১৯৫৪ ঘ.
bdnews24