২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের মারামারি

গাজীপুরের সালনায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভরত দুটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের মারামারি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 01:21 PM

Updated : 24 Aug 2022, 04:02 PM

গাজীপুর, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের সালনায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভরত দুটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের মারামারি হয়েছে। মঙ্গলবার বিকালে শ্রমিকরা সড়ক অবরোধ করলে এ মারামারি বাঁধে বলে পুলিশ জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলিও ছোড়ে পুলিশ। সংঘর্ষের কারণে প্রায় এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিলো। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, অগাস্ট মাসের বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার বেলা ৩টার দিকে কনকর্ড টাওয়ারের কনকর্ড ফ্যাশন লিমিটেড ও জিকন পোশাক কারখানার শ্রমিকরা সড়কে নেমে আসে। শ্রমিকরা সড়ক অবরোধ করলে পুলিশ বাধা দিলে মারামারি বেধে যায়। গাজীপুর শিল্প পুলিশের (জোন-২) পরিদর্শক মো. সেলিম সাংবাদিকদের বলেন, শ্রমিকরা ইট ছুড়ে কয়েকটি গাড়ি ভাংচুর করলে পুলিশ ঘটনাস্থলে যায়। তখন তারা পুলিশের দিকেও ইট ছোড়ে। "কিছু সময় ধাওয়া-ধাওয়ির পর পুলিশ কয়েক রাউন্ড শটগানের গুলি এবং কাঁদানে গ্যাস ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়," বলেন তিনি। শ্রমিকদের ছোড়া ইটে উপপরিদর্শক আব্দুস সালাম এবং কনস্টেবল হাফিজ উদ্দিন আহত হয়েছেন বলে পুলিশ জানায়। পুলিশের লাঠিপেটায় কত জন শ্রমিক আহত হয়েছে তা জানা যায়নি। বিকাল সোয়া ৪টার দিকে পরিস্থিতি শান্ত হলেও মহাসড়কে যানজট ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৪৫ ঘ.