ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বিজয়নগরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ভাংচুর ও গাড়ি পোড়ানোর ঘটনায় জামায়াতে ইসলামীর সমালোচনা করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান খান।
দলটির নাম উল্লেখ না করে মঙ্গলবার এক আলোচনা সভায় তিনি বলেন, "যারা বাসে, গাড়িতে অগ্নিসংযোগ করেছে, তাদের কী একবারও মনে হয়নি যে, এ বাস কেনা হয়েছে জনগণের ট্যাক্সের টাকায়? বিশৃঙ্খলা সৃষ্টিকারী এই চিহ্নিত যুদ্ধাপরাধী মৌলবাদী গোষ্ঠী জনগণের শত্র", রাষ্ট্রের শত্র", মানবাধিকারের শত্র"।"
২১ সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস সামনে রেখে কোয়ালিশন অব লোকাল এনজিও বাংলাদেশ (সিএলএনবি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ আলোচনা সভার আয়োজন করে।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, যারা সহিংসতা করে, জনমনে আতঙ্ক সৃষ্টি করে, তারাই দেশের শান্তি প্রতিষ্ঠায় সবচেয়ে বড় বাধা।
"রাজনৈতিক কিংবা মতপ্রকাশের অধিকার অবশ্যই স্বীকৃত, কিন্তু এই অধিকার চর্চার নামে রাষ্ট্রীয় সম্পদ লুট করা, অগ্নিসংযোগ করা, নাশকতা সৃষ্টি করা কোনো সভ্য সমাজে বৈধ হতে পারে না।"
সোমবার দলীয় কর্মসূচি চলাকালে ঢাকা এবং চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় জামায়াতে ইসলামী এবং এর সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীরা। এ সময় ঢাকায় পুলিশের গাড়িসহ অন্তত ১৫টি বাহনে আগুন লাগিয়ে দেয় তারা।
আলোচনা সভার প্রধান অতিথি প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইদ্রিস আলী শান্তি প্রতিষ্ঠায় গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন।
সোমবারের ঘটনায় জামায়াতের নিন্দা করে তিনি বলেন, রাজনীতিবিদদের এমন কর্মসূচি অবশ্যই দেওয়া উচিত নয়, যাতে সাধারণ মানুষের ভোগান্তি হয়।
সিএলএনবির চেয়ারম্যান হারুনুর রশিদের সভাপতিত্বে অন্যদের মধ্যে সংযুক্ত শ্রমিক ফেডারেশনের নেতা মোকাদ্দেম হোসেন, বাংলাদেশ ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক সুবল সরকার, ন্যাপের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মাজহার আলী আলোচনা সভায় অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এসইউ/জেকে/১৬৫০ ঘ.
bdnews24