মৌলভীবাজার, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলেজছাত্রীকে যৌন নিপীড়ণ করায় মৌলভীবাজারে একটি কোচিং সেন্টারের শিক্ষককে ছয় মাস কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম আব্দুল কুদ্দুস এ সাজা দেন।
দণ্ডিত মাজেদুল ইসলাম (৩৫) জেলা সদরের মুসলিম কোয়ার্টার আবাসিক এলাকার 'লার্ন' কোচিং সেন্টারের পরিচালক ও শিক্ষক। তার বাড়ি কুমিল্লার মুরাদনগরের দৌলতপুর গ্রামে।
মৌলভীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রী ৩-৪ মাস ধরে 'লার্ন' কোচিং সেন্টারে পড়াশোনা করে আসছিলেন।
মৌলভীবাজার মডেল থানার ওসি অমূল্য কুমার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষক মাজেদুল ওই ছাত্রীকে একা পেয়ে প্রায়ই 'যৌন নিপীড়ন' চালাতেন। এমনকি রাতে ছাত্রীর মোবাইলে ফোন করে আজেবাজে কথা বলে তাকে বিরক্ত করতেন।
শিক্ষকের কথোপোকথন ছাত্রী মোবাইল ফোনে রেকর্ড করে রাখে। পরে বিষয়টি পুলিশে জানানো হয়।
ওসি বলেন, বিষয়টি জানার পর সোমবার তিনি কোচিং সেন্টারে যান। অভিযোগের সত্যতা পাওয়ায় গ্রেপ্তার করা হয় শিক্ষক মাজেদুলকে।
পরে রাত ১০টার দিকে কোচিং সেন্টারে আদালত বসিয়ে নির্বাহী হাকিম আব্দুল কুদ্দুস শিক্ষক মাজেদকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন বলে ওসি জানান।
দণ্ডিত মাজেদুলকে রাতেই মৌলভীবাজার কারাগারে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১১১ ঘ.
bdnews24