২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাট ও জয়পুরহাটে বন্যা

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে জয়পুরহাট ও লালমনিরহাটে শতশত হেক্টর জমির ফসল ডুবে গেছে। পানিবন্দি হয়েছে অন্তত ১৫ হাজার মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2011, 02:19 PM

Updated : 24 Aug 2022, 04:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে জয়পুরহাট ও লালমনিরহাটে শতশত হেক্টর জমির ফসল ডুবে গেছে। পানিবন্দি হয়েছে অন্তত ১৫ হাজার মানুষ। জয়পুরহাটের ছোট যমুনা, তুলশীগঙ্গা লালমনিরহাটের তিস্তা, সানিয়াজান ও ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা দেখা দিয়েছে। জয়পুরহাট প্রতিনিধি জানান, রোববার ও সোমবারের টানা বর্ষণে বন্যায় অন্তত ৪০০ হেক্টর রোপা আমন ডুবে আছে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের শষ্য উৎপাদন বিশেষজ্ঞ হযরত আলী বলেন, তাদের হিসাব মতে ৪০০ হেক্টর আমন ক্ষেত ডুবে গেলেও তেমন ক্ষয়ক্ষতি হবে না। তবে তিন/চার দিনের মধ্যে পানি না নামলে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। যমুনা ও তুলশীগঙ্গা নদীর পানি বৃদ্ধি হয়ে সদর উপজেলার বেলআমলা, ঘাসুরিয়া, গুয়াবাড়ী, পলিকাদোয়া, কয়রাপাড়া, বানিয়াপাড়া, ধারকী, সোটাহার, সতীঘাটা, ক্ষেতলালের শালুকডুবি, ইকরগাড়া, দাশড়া, নামা আটি, আটিগ্রাম, দেওগ্রাম, জিয়াপুর, আমিড়া, মহব্বতপুর, মিনিগাড়ী এবং আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী, সোনামুখী, হাসতাবসন্তপুর, শন্তা ও হলহলিয়াসহ অন্তত ৩০টি গ্রামের আমন ফসল প্লাবিত হয়েছে। ধারকী ঘনপাড়া গ্রামের কৃষক শহিদুল ইসলাম (৫৫) বলেন, আগে দু'দিনের মধ্যেই পানি নেমে যেত। কিন্তু তুলশীগঙ্গা নদীতে বন্যা নিয়ন্ত্রণের নামে 'অপরিকল্পিত' বাঁধ নির্মাণের পর থেকে বর্ষার সময় এ অঞ্চলে ফসলের মাঠে পানি জমলে তা নামতে অনেক সময় লাগে। একই গ্রামের কৃষক মোজাহার আলী (৪২) বলেন, ঘনপাড়া মাঠে চার বিঘা জমিতে তার বিনা-৭ ও মামুন জাতের ধান লাগিয়েছেন। ধানগাছের ফুল ও বের হয়েছে। হঠাৎ করে প্রবল বর্ষণে তার ফসল ডুবে গেছে। লালমনিরহাট প্রতিনিধি জানান, তিস্তা, সানিয়াজান ও ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে অন্তত ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়েছে। এলাকাবাসী জানায়, রোববার গভীর রাতে হঠাৎ তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। সোমবার বহু ঘরবাড়ি, পুকুরের মাছ ও আমন ফসল প্লাবিত হয়। বন্যাকবলিত হয়েছে হাতিবান্ধা উপজেলার চর সিন্দুনা, গোড্ডিমারী, চর ধুবনী, ডাউয়াবাড়ি, পাটিকাপাড়া, হলদিবাড়ি, চর হলদিবাড়ি ও চর গোড্ডিমারী; কালীগঞ্জের ভোটমারী, শৈলমারী, রুদ্রেশ্বর ও মহিষামুরি; আদিতমারীর দক্ষিণ বালাপাড়া, চ-িমারী, কুটিরপাড়, বালাপাড়া, রজবপাড়া, গোবর্ধন ও চর গোবর্ধন এবং সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর, তাজপুর প্রভৃমি গ্রাম। হাতিবান্ধা উপজেলার মৎস্য চাষি ইলিয়াস বসুনিয়া বলেন, তার একটি পুকুরের মাছ বন্যার পানিতে ভেসে গেছে। আদিতমারীর দক্ষিণ বালাপাড়া গ্রামের আজিত মিয়া (৬৫) বলেন, এ বছরের জন্য এটাই সবচেয়ে বড় বন্যা। তারা আরো জানান, পানিবন্দি পরিবারগুলো শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির সঙ্কটে পড়েছে। বাড়িতে মাচাং বানিয়ে পরিবার পরিজন নিয়ে তারা বসবাস করছে। তিস্তা ব্যারাজের উপ বিভাগীয় প্রকৌশলী মাইনুদ্দিন মন্ডল জানান, বিপদসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ব্যারাজের সবগুলো গেট খুলে দেওয়া হয়েছে। পানি আরো বৃদ্ধি পাওয়ার স¤া¢বনা রয়েছে বলেও জানান তিনি। হাতিবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, হাতিবান্ধা উপজেলার পানিবন্দি পরিবারগুলোর তালিকা প্রণয়নের কাজ চলছে। বন্যার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জেলা প্রশাসক মোকলেছার রহমান সরকার বলেন, পানিবন্দি পরিবারগুলোর তালিকা দ্রুত পাঠাতে সংশ্লিষ্ট এলাকার ত্রাণ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/২০১১ ঘ.