ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল কাদেরের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগের বিষয়ে তার বক্তব্য নিয়েছে আইন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। পাশাপাশি খিলগাঁও থানাও পরিদর্শন করেছেন কমিটির সদস্যরা।
খিলগাঁও থানার উপপরিদর্শক আবুল হোসেন শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকাল ১১টার দিকে আইন মন্ত্রণালয়ের যুগ্নসচিব আশীষ রঞ্জন থানায় আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল কাদের এবং খিলগাঁও থানার সাবেক ওসি হেলাল উদ্দিনকেও ডেকে আনা হয়।
যুগ্নসচিব তাদের জিজ্ঞসাবাদ করে থানা ঘুরে দেখেন। বেলা আড়াইটার দিকে তিনি থানা ত্যাগ করেন বলে উপপরিদর্শক শরীফ জানান।
তিনি বলেন, "তদন্ত কমিটি কাদের এবং সাবেক ওসি হেলালসহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে। এ সময় সাবেক ওসিকে নির্যাতনের বিষয়ে সনাক্ত করেন কাদের।"
গত ১৫ জুলাই খিলগাঁও থানা পুলিশ কাদেরকে ডাকাত বলে গ্রেপ্তার করে। পরে কাদের আদালতে অভিযোগ করেন, ওসি হেলাল থানায় নিয়ে তাকে চাপতি দিয়ে কুপিয়ে আহত করেছে। অবশ্য ওসি বলে আসছেন, কাদের গণধোলাইয়ের শিকার।
এই ঘটনায় হাইকোটের নির্দেশে আইন মন্ত্রণালয় এবং পুলিশের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি করা হয়। আইন মন্ত্রণালয়ের তদন্ত কমিটির দায়িত্ব পান যুগ্নসচিব আশীষ রঞ্জন।
আদালতের নির্দেশে এরই মধ্যে ওসি হেলালসহ তিন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে মন্ত্রণালয়।
পুলিশের তদন্ত কমিটি এখনো তাদের কাজ শেষ করেনি। পাশাপাশি কাদেরের বিরুদ্ধে ডাকাতি, গাড়ি ছিনতাই এবং অস্ত্র আইনে পুলিশের দায়ের করা তিনটি মামলারও তদন্ত করছে গোয়েন্দা পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/২০০৯ ঘ.
bdnews24