২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যোগাযোগ মন্ত্রীর চিঠির জবাবে দুদকের ইতিবাচক সাড়া

যোগাযোগ মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণে আলোচনার প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে যোগাযোগ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান। অক্টোবর মাসের প্রথম সপ্তাহে সভা করতে চেয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2011, 01:09 PM

Updated : 24 Aug 2022, 04:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগ মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণে আলোচনার প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে যোগাযোগ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান। অক্টোবর মাসের প্রথম সপ্তাহে সভা করতে চেয়েছেন তিনি। সোমবার দুুপুরে দুুদক চেয়ারম্যান স্বাক্ষরিত চিঠিটি যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হয়। যোগযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে পাঠানো চিঠিতে দুদুক চেয়ারম্যান লিখেছেন, "আপনার চিঠির প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। মন্ত্রণালয় ও অধীনস্ত বিভাগ ও সংস্থাসমূহের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধের বিষয়ে কমিশনের মত বিনিময় সভা আয়োজনের প্রস্তাব সময়োচিত বলে মনে করি। আলোচনার মাধ্যমে দুর্নীতি প্রতিহত করার একটি পথ আমরা অনুন্ধান করতে পারি।" "অতীতেও কমিশন বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে অনুরূপ আলোচনা করেছে। আমি এ মাসের শেষ সপ্তাহে দাপ্তরিক কাজে দেশের বাইরে থাকবো। অক্টোবর মাসের প্রথম সপ্তাহে সুবিধাজনক তারিখ ও সময়ে প্রস্তাবিত সভার আয়োজন করা যেতে পারে", যোগ করেন তিনি। যোগাযোগ মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ এবং বিভিন্ন বিভাগে দুর্নীতি প্রতিরোধে যৌথসভা করার আহ্বান জানিয়ে গত বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনকে চিঠি দেন মন্ত্রী আবুল হোসেন। এর আগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবিকেও একই ধরনের চিঠি দেন তিনি। যদিও আবুল হোসেন দাবি করে আসছেন, তিনি 'দুর্নীতিমুক্ত' এবং তার মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর ভিত্তিহীন। দুর্নীতি দমন কমিশননের চেয়ারম্যান গোলাম রহমানকে পাঠানো চিঠিতে যোগাযোগমন্ত্রী লিখেছেন, "দেশের বিভিন্ন অঞ্চলে আপনি কয়েকটি মতবিনিময় সভা করেছেন এবং এর সুদূরপ্রসারী ফলাফল পাওয়া যাবে বলে আমি মনে করি। "তাই যোগাযোগ মন্ত্রণালয়ের (সড়ক, সেতু ও রেল বিভাগ) উচ্চ পদস্থ কর্মকর্তা এবং অধিদপ্তর/সংস্থার সিনিয়র কর্মকর্তাদের অংশ গ্রহণে এ বিষয়ে একটি মতবিনিময় সভা-এ লক্ষ্য অর্জনে প্রভূত সহায়ক হতে পারে বলে আমরা মনে করি," বলেন আবুল হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কিউএইচ/আরএ/১৮৫৯ ঘ.