ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরে ভূমিকম্পের ঝুঁকিতে প্রায় ৭০ হাজার ভবন থাকার কথা বলা হলেও এর সুনির্দিষ্ট কোনো তালিকা নেই সরকারের কোনো মন্ত্রণালয়ের কাছে।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দুর্যোগ বিষয়ক বিশেষজ্ঞ মাকসুদ কামাল জানান, ঢাকায় ৭০ হাজার ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে একটি অঞ্চলভিত্তিক সমীক্ষার ভিত্তিতে। এজন্য বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা করে কোনো তালিকা তৈরি করা হয়নি। তবে আগামীতে বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা করে সুনির্দিষ্ট তালিকা করা হবে।
সোমবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতি কমিটির এক জরুরি সভা শেষে তিনি এ কথা বলেন। রোববার সন্ধ্যায় ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পর দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এ সভা ডাকে।
কমিটির সভাপতি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সচিব এম আসলাম আলমসহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা এ সভায় উপস্থিত ছিলেন।
রোববারের ভূমিকম্প প্রসঙ্গে মাকসুদ কামাল বলেন, সিকিমের মতো একই মাত্রায় বাংলাদেশে ভূমিকম্প হয়নি। বাংলাদেশে একই মাত্রায় ভূমিকম্প হলে অনেক ক্ষয়ক্ষতি হতো।
ওই ভূমিকম্পের কেন্দ্র ছিল ভারতের সিকিম থেকে ৬৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ঢাকা থেকে ৪৯৫ কিলোমিটার দূরে। এতে ভারত, নেপাল ও তিব্বতে অন্তত ৩৮ জন নিহত হয়।
সমীক্ষার বরাত দিয়ে মাকসুদ কামাল জানান, শুধু ঢাকা শহরেই ৭০ হাজারের বেশি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। রিখটার স্কেলে সাত মাত্রার ভূমিকম্প হলে এসব ভবন চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। এজন্য সরকারের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। জনসচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণ ও দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবী তৈরির কাজ করা হচ্ছে বলে মন্ত্রী দাবি করেন।
মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, দুর্যোগ ব্যবস্থাপনার জন্য আমাদের তেমন কোনো যন্ত্রপাতি ছিল না। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ইতোমধ্যে ৭০ কোটি টাকার যন্ত্রপাতি কেনা হয়েছে। আরো কিছু প্রকল্প রয়েছে যন্ত্রপাতি কেনার জন্য। এসব যন্ত্রপাতি কেনা হলে আমরা সুচারুভাবে দুর্যোগ ব্যবস্থাপনা করতে পারবো।
ভবন নির্মাণের ক্ষেত্রে 'ইমারত নির্মাণ নীতিমালা' অনুসরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিষয়টি দেখভাল করতে জেলা ও উপজেলা পর্যায়ে সমন্বয় কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সমন্বয় কমিটির অনুমোদন ছাড়া কোনো ভবন নির্মাণ করা যাবে না। এ জন্য একটি খসড়া ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। মন্ত্রিসভায় আলোচনা করে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে।
এ সমন্বয় কমিটিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও গণপূর্ত বিভাগসহ সংশ্লিষ্টরা থাকবেন।
আব্দুর রাজ্জাক জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সচিবালয়ের দুটি পুরাতন ভবন সংস্কারের প্রস্তুতি চলছে। এজন্য আগামী নভেম্বরের মধ্যে পরামর্শক নিয়োগ করা হবে। পরামর্শকদের মতামত নিয়ে ভবনগুলো সংস্কারের কাজ শুরু করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৭৩৩ ঘ.
bdnews24