২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলায় নিখোঁজ কোস্টগার্ড সদস্যের লাশ উদ্ধার

বাগেরহাটের মংলায় টহল বোট ডুবে নিখোঁজ কোস্টগার্ড সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2011, 11:16 AM

Updated : 24 Aug 2022, 04:01 PM

বাগেরহাট, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মংলায় টহল বোট ডুবে নিখোঁজ কোস্টগার্ড সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে সুন্দরবনের মরা পশুর ক্যাম্প ও নন্দবালা খালের মোহনা থেকে নিখোঁজ মো. রেজাউল করিমের (২৩) লাশটি উদ্ধার করা হয় বলে জানায় কোস্টগার্ড কর্তৃপক্ষ। শনিবার রাত ৮টার দিকে মংলা বন্দরের ২ নম্বর মুরিং বয়া এলাকায় একটি বয়ার সঙ্গে ধাক্কা লেগে কোস্টগার্ডের টহল বোট 'ডলফিন' ডুবে যায়। তখন বোটে থাকা নয় সদস্যকে উদ্ধার করা সম্ভব হলেও বেজাউল করিম নিখোঁজ হন। রোববার সকালে বোটটিকে উদ্ধার করা হয়। পশ্চিম জোনের আঞ্চলিক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদুর রহমান সাংবাদিকদের জানান, কোস্টগার্ড, নৌ-বাহিনী, মংলা বন্দর কর্তৃপক্ষ ও বন বিভাগ যৌথভাবে সোমবার সকালে রেজাউলের লাশ উদ্ধার করে। তিনি জানান, রেজাউল লালমনিরহাট সদর উপজেলার মস্তকি গ্রামের তসলিম উদ্দিনের ছেলে। ২০০৭ সালের জানুয়ারিতে তিনি নৌ বাহিনীতে সৈনিক হিসেবে যোগ দেন। ২০১০ সালের অক্টোবর মাস থেকে তিনি মংলা কোস্টগার্ড পশ্চিম জোনে কর্মরত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৬৫০ ঘ.