মাগুরা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসে চাঁদাবাজির প্রতিবাদে মঙ্গলবার থেকে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মাগুরা জেলা বাস মালিক গ্র"প ও মটর শ্রমিক ইউনিয়ন।
সোমবার জেলা বাস মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে খুলনা বিভাগের যাত্রীবাহী বাসে বেপরোয়া চাঁদাবাজির জন্য ফরিদপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কামরুল হোসেন এবং তার সহযোগী মুকুলকে অভিযুক্ত করে তাদের গ্রেপ্তারের দাবি জানান সংগঠনের নেতারা।
মাগুরা জেলা বাস মালিক গ্র"পের সভাপতি মীর আবু সাহিদ অভিযোগ করেন, ফরিদপুরের উপর দিয়ে যাতায়াত করা মাগুরাসহ খুলনা বিভাগের অন্যান্য জেলার যাত্রীবাহী বাসে নৌমন্ত্রীর নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে একটি চক্র চাঁদাবাজি করে আসছে।
কামারখালী এলাকায় মাগুরাসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলার মালিকের যাত্রীবাহী বাসগুলো থামিয়ে প্রতি ট্রিপে এক থেকে সাত হাজার টাকা পর্যন্ত তারা চাঁদা আদায় করছে বলে অভিযোগ করেন মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুর রহমান।
তিনি বলেন, "চাঁদা না দিলে তারা গাড়ি থেকে যাত্রী নামিয়ে টাকা পয়সা কেড়ে নিয়ে খালি গাড়ি ফিরিয়ে দিচ্ছে।"
দুই জেলার মালিক, শ্রমিক নেতা ও প্রশাসনকে বিষয়টি অবহিত করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে জানান তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চাঁদাবাজি বন্ধের পাশাপাশি এবং দোষীদের গ্রেপ্তার করা না হলে মঙ্গলবার থেকে মাগুরা জেলার উপর দিয়ে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৬২৬ ঘ.
bdnews24