সাভার, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমিনবাজারে পিটিয়ে ছয় ছাত্র হত্যার ঘটনায় সাভার থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও বরখাস্ত করা হয়েছে দুই উপ-পরিদর্শককে।
সোমবার দুপুরে প্রত্যাহারের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন ওসি মাহবুবুর রহমান নিজেই।
ওসি জানান, তাকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
এছাড়া উপ-পরিদর্শক (এসআই) হারেস শিকদার ও আনোয়ার হোসেনকে বরখাস্ত করা হয়েছে। তাদের আগেই প্রত্যাহার করা হয়েছিলো বলে জানান ওসি।
ঢাকা জেলা পুলিশ (এসপি) সুপার মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ ও বিচার বিভাগীয় তদন্ত কমিটির সুপারিশে সাভার থানার পুলিশ সদস্যদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদের সবার বিরুদ্ধেই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে কবে নাগাদ এ ব্যবস্থা নেওয়া হবে, তা বলতে পারেননি এসপি।
বিচার বিভাগীয় তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী গত ১১ সেপ্টেম্বর বিকালে ওই দুই উপ-পরিদর্শকসহ আরো ছয় কনস্টেবলকে প্রত্যাহার করা হয়।
প্রত্যাহার হওয়া ছয় কনস্টেবল হলেন- হাবিবুর রহমান, নাজমুল হোসেন, সোহেল মিয়া, সাইদুর রহমান, শাহীন মিয়া ও খায়রুল ইসলাম।
আমিনবাজারে পিটিয়ে ছয় ছাত্রকে হত্যার ঘটনায় পুলিশ সদস্যদের অবহেলা ছিলো- রোববার সংবাদ সম্মেলনে এ কথা বলেন ঘটনা তদন্তে গঠিত পুলিশের কমিটির প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক আমির উদ্দিন। রোববারই পুলিশের মহাপরিদর্শককে তদন্ত প্রতিবেদন দেন তিনি।
গত ১৮ জুলাই শবে বরাতের রাতে সাভারের আমিনবাজারের বরদেশী এলাকায় ডাকাত সন্দেহে ঢাকার ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। আহত হয় একজন।
নিহতরা হলেন- ইব্রাহিম খলিল (২৪), শহিদুর রহমান পলাশ (২৬), কামরুজ্জামান কান্ত (২৪), টিপু সুলতান (২৩), শামস্ রহিম শাম্মাম (২২) ও মনির হোসেন (২৫)। আহত হন আল-আমিন নামের আরও এক যুবক।
এরপর সমালোচনার মুখে গত ২০ জুলাই পুলিশের মহাপরিদর্শক চার সদস্যের বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। কয়েকবার সময় বাড়ানোর পর ২১৬ পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেওয়া হয়।
এ ঘটনায় পুলিশের ভূমিকা তদন্তে গঠিত বিচার বিভাগীয় কমিটি গত ৮ সেপ্টেম্বর প্রতিবেদন দিয়েছে। তাতেও পুলিশের অবহেলার বিষয়টি তুলে ধরা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৪৩৫ ঘ.
bdnews24