ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হজ ফ্লাইট ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন এক লাখ সাত হাজার ৪২৫ জন।
সোমবার হজ পূর্ববর্তী এক সভা শেষে ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আওয়াল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
হজযাত্রী পাঠানোয় সৌদি আরবের কালো তালিকাভুক্ত ১৩টি প্রতিষ্ঠানও হজযাত্রী পাঠাতে পারবেন বলে জানান তিনি।
সচিব বলেন, তাদের বিষয়ে সৌদি সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। সমস্যা সমাধানের দিকে এগোচ্ছে। ইতিমধ্যেই নয়টি প্রতিষ্ঠানের ব্যাপারে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। আশা করি অন্য চারটিও হজযাত্রী পাঠাতে পারবে, আশা করি।"
আগামী ২৮ সেপ্টেম্বর রাষ্ট্রপতি হজ কার্যক্রমের উদ্বোধন করবেন।
সরকারি ব্যবস্থাপনা ছাড়াও ৩৫০টি এজেন্সি হজযাত্রী পরিবহন করবে বলে জানান সচিব।
এবার বাংলাদেশ বিমানসহ মোট ১৪টি আকাশ পরিবহন সংস্থা (এয়ারলাইন্স) হজযাত্রী পরিবহন করবে জানিয়ে সচিব বলেন, "বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সসহ বেশিরভাগ যাত্রী বহনকারী বিমান সংস্থার ফ্লাইট শিডিউল আমরা পেয়েছি। দু'একদিনের মধ্যে সবগুলোর শিডিউল পেয়ে যাব।"
বিমান বাংলাদেশের হজ ফ্লাইট ৩০ অক্টোবর ও সৌদি এয়ারলাইন্সের হজ ফ্লাইট ৩ নভেম্বর শেষ হবে।
সচিব জানান, ২৯ সেপ্টেম্বর ফ্লাইট শুরুর দিন তিন হাজার ৭৬৮ জন হজযাত্রী পরিবহন করা হবে। ওইদিন মোট তিনটি ফ্লাইট পরিচালিত হবে। প্রথম ফ্লাইটে ৩১২ জন হজযাত্রী যাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৬১৮ ঘ.
bdnews24