২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে হামলায় চার সংবাদকর্মী আহত

সিলেট রেলওয়ে স্টেশনে মাদক বিক্রেতাদের হামলায় বেসরকারি টেলিভিশনের চার সংবাদকর্মী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2011, 05:40 AM

Updated : 24 Aug 2022, 04:02 PM

সিলেট, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট রেলওয়ে স্টেশনে মাদক বিক্রেতাদের হামলায় বেসরকারি টেলিভিশনের চার সংবাদকর্মী আহত হয়েছেন। রোববার রাতে রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও আহতরা জানিয়েছে। এক হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আহতরা হলেন- সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ইকরামুল কবির ও ভিডিওচিত্র ধারক দিগেন সিংহ, এটিএন বাংলার ভিডিওচিত্র ধারক ইকবাল মুন্সী এবং আরটিভির ভিডিওচিত্র ধারক শিহাব আহমদ মিঠু। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সন্ধ্যায় ভূমিকম্পে সিলেট নতুন রেলওয়ে স্টেশনের ভবনে ফাটল দেখা দেওয়ার সংবাদ পেয়ে রাত সাড়ে ১০টার দিকে সেখানে গিয়েছিলেন সাংবাদিকরা। সংবাদকর্মীরা জানায়, ফাটলের ভিডিওচিত্র ধারণের সময় রেলস্টেশনের চিহ্নিত হেরোইন বিক্রেতা জাহাঙ্গীর, আলমগীর, রিপন ও মিজান সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার পর শুনে রাতে সিলেটে কর্মরত সাংবাদিকরা রেলস্টেশনে জড়ো হন। তারা সেখানে সমাবেশ করে স্টেশনের সব মাদক বিক্রেতাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। হামলার ঘটনায় দিগেন সিংহ বাদি হয়ে রাতেই মামলা করেন। জিআরপি থানার ওসি ফরিদ উদ্দিন ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার আসামি মিজানকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারেরও চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৩৫ ঘ.