২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে আটক ভারতীয়ের মৃত্যু পুলিশ হেফাজতে

হিলি স্থলবন্দরে আগ্নেয়াস্ত্রসহ আটক ভারতীয় এক ট্রাক সহকারী হাকিমপুর থানায় মারা গেছেন। ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2011, 05:13 AM

Updated : 24 Aug 2022, 04:02 PM

দিনাজপুর, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিলি স্থলবন্দরে আগ্নেয়াস্ত্রসহ আটক ভারতীয় এক ট্রাক সহকারী হাকিমপুর থানায় মারা গেছেন। ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পুলিশ। মৃতের নাম নৃপেন পাল (৪৮)। তার বাড়ি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার তপর থানার সোয়ারী গ্রামে। রোববার দুপুরে হিলি স্থলবন্দরের পানামা পোর্টের ফটকে নৃপেনকে পোর্টের নিরাপত্তাকর্মীরা আটক করে। তার কাছে একটি শাটার গান এবং তিন রাউন্ড গুলি থাকার কথা জানিয়ে পরে তাকে হাকিমপুর থানায় তুলে দেওয়া হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও বিনা পাসপোর্টে প্রবেশের দায়ে হাকিমপুর থানায় একটি মামলাও করা হয়। হাকিমপুর থানার ওসি হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার রাত সোয়া ৩টার দিকে থানা হাজতে ভেন্টিলেটরের রডের সঙ্গে নিজের শার্টকে রশি বানিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন নৃপেন।" উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রের উপস্থিতিতে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে তিনি জানান। কী কারণে নৃপেন 'আত্মহত্যা' করেছে, ওসি তা জানাতে পারেননি। ইউএনও মো. তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মৃতের শরীরে কোনো আঘাতের দাগ পাওয়া যায়নি। হিলি ইমিগ্রেশনের ওসি নুরুল ফেরদৌস জানান, বাংলাদেশ পুলিশের পক্ষে তিনি ভারতে হিলি ইমিগ্রেশনের ওসি পি কে মন্ডলের কাছে সন্ধ্যা ৬টায় নৃপেনের লাশ হস্তান্তর করেন। ওই সময় ভারত সীমান্তে প্রচুর লোকজন থাকলেও শান্তিপূর্ণভাবে লাশ হস্তান্তর হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩৮ ঘ.