২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ফিডিংয়ে অর্থ দিতে আগ্রহী ডব্লিউএফপি

বাংলাদেশে শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে খাদ্য বিতরণ (স্কুল ফিডিং) ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে অর্থ বরাদ্দসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বিশ্বখাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2011, 05:28 PM

Updated : 24 Aug 2022, 04:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে খাদ্য বিতরণ (স্কুল ফিডিং) ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে অর্থ বরাদ্দসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বিশ্বখাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। বিশ্বখাদ্য কর্মসূচির নির্বাহী বোর্ডের আট সদস্যের এক প্রতিনিধি দল রোববার সচিবালয়ে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করে এ আগ্রহের কথা জানায়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডব্লিউএফপি দপ্তরে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত বেরেঞ্জার কুইন্সি। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতে দেশে চলমান সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিমন্ত্রী তার মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত খাদ্য নিরাপত্তা কর্মসূচির সাফল্য প্রতিনিধি দলের কাছে তুলে ধরেন। তিনি জানান, এ কার্যক্রমের আওতায় বর্তমানে সাড়ে সাত লাখ দরিদ্র নারীকে প্রতিমাসে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। একইসঙ্গে তাদের কর্মমুখী প্রশিক্ষণও দেওয়া হয়। এর বাইরে বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা ও দুঃস্থদের জন্য খাদ্য (ভিজিএফ) কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসুচি নেওয়া হয়েছে। এগুলো সরকার অত্যন্ত সফলতার সঙ্গে বাস্তবায়ন করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২৩২৩ ঘ.