ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল মঙ্গলবারের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা।
রোববার নির্বাচন কমিশন কার্যালয়ে এক বৈঠক শেষে সংবাদিকদের তিনি বলেন, "কাল-পরশুর মধ্যেই তফসিল ঘোষণা করা হবে। আগামীকাল (সোমবার) কমিশন বৈঠকে এ বিষয়ে আলোচনা করে তফসিল ঘোষণা চূড়ান্ত করা হবে।"
একজন নির্বাচন কমিশনার জানান, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী গেজেট প্রকাশের ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের নিয়ম। এই হিসাবে আগামী ২ নভেম্বরের মধ্যে নারায়ণগঞ্জ এবং ১০ জানুয়ারির মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন করতে হবে।
তফসিল ঘোষণা হলে মনোনয়নপত্র জমা দেওয়া, বাছাই, প্রার্থিতা প্রত্যাহার, প্রতীক বরাদ্দ এবং ভোটগ্রহণসহ পুরো প্রক্রিয়ায় সময় লাগবে ৪০ থেকে ৪৫ দিন।
সরকার গত বছর নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর ও গাজীপুর পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণা করে। এরপর গত মে মাসে নারায়ণগঞ্জ এবং সিদ্ধিরগঞ্জ পৌরসভা বিলুপ্ত করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গঠন করা হয়। ২৩ জুন এ কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করা হয়।
আর কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয় গত ৭ আগস্ট। তবে রংপুর ও গাজীপুর সিটি কর্পোরেশনে এখনো প্রশাসক নিয়োগ হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/১৭৪৩ ঘ.
bdnews24