কিশোরগঞ্জ, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জে যাত্রীবাহী বাসে ডাকাতির মামলায় চালকসহ ১৫ আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
এছাড়া প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার কিশোরগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক এস এম আব্দুস সালাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- চালক ইয়াসিন, মো. ফরিদ মিয়া, মোহাম্মদ আলী, মো. ইউনুস আলী, সোলায়মান, মো. ইদ্রিস, সাইফুল, মো. বাদল মিয়া, কাজল, জামাল মিয়া, হোসেন মিয়া, শরিয়তুল্লাহ, মন্নাফ, মহরম ও মধু মিয়া।
আসামিদের মধ্যে সাত জন পলাতক। বাকিরা বিভিন্ন সময়ে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
কিশোরগঞ্জের পাবলিক প্রসিকিউটর শাহ আজিজুল হক জানান, অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন আসামিকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ১৯৯৫ সালের ১৩ ডিসেম্বর ভৈরব উপজেলার পানাউল্লারচর এলাকায় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এসআর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটে। যাত্রী সেজে ডাকাতদল বাসের চালককে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে বাসযাত্রী হেলাউদ্দিন বাদি হয়ে ভৈরব থানায় একটি ডাকাতি মামলা করেন।
পুলিশ তদন্ত শেষে ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোপত্র দাখিল করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৭০৫ ঘ.
bdnews24