বরিশাল, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদা না পেয়ে বরিশালে এক ঠিকাদারের কান কেটে নিয়ে গেছে সন্ত্রাসীরা।
সেলিম চৌধুরী (৪০) নামে ওই ঠিকাদার ডক-ইয়ার্ডে শ্রমিক সরবরাহ করতেন। তার বাড়ি নগরীর ৫ নং ওয়ার্ডের পলাশপুরে।
সেলিমের স্ত্রী শেফালী বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার স্বামী বেলতলা খেয়াঘাট এলাকায় ডক ইয়ার্ডে শ্রমিক সরবরাহ করেন। স¤প্রতি সরবরাহ করা শ্রমিকদের কাছ থেকে মাথাপিছু চাঁদা দাবি করে স্থানীয় সন্ত্রাসী বাদল ও মিন্টু।
"রোববার দাবিকৃত টাকা না পেয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সেলিমের মাথায় কোপ দেয়। এ সময় আমার স্বামী সরে আসায় মাথায় না লেগে তা কানে লাগে। এতে বাম কান শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।"
পরে ডক ইয়ার্ডের শ্রমিকরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের নাক-কান ও গলা বিভাগের সহকারী অধ্যাপক সরোয়ার হোসেন বলেন, কানের বহিরাংশ আর জোড়া লাগানো সম্ভব হবে না। তাছাড়া তার গালে একটি ক্ষতও হয়েছে।
স্থানীয় এক ব্যবসায়ী অভিযোগ করেন, রাস্তায় কান পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হলেও সময়মতো তারা আসেনি। পরে সন্ত্রাসীরা কানটি নিয়ে যায়।
মহানগরীর কাউনিয়া থানার পরিদর্শক মো. শহীদুল্লাহ বলেন, "আমি এ ঘটনা জানি না। এই ধরনের ঘটনা ঘটে থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৬৫২ ঘ.
bdnews24