বরিশাল, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলি ভর্তি বিদেশি পিস্তল ও রামদাসহ বরিশালে এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব।
র্যাবের দাবি, আটককৃত আলতাফ মাহমুদ আজাদ ওরফে বোমা আজাদ চিহ্নিত সন্ত্রাসী। আজাদ নিউ সার্কুলার রোড এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল সোয়া ৮টার দিকে নগরীর ১৫নং ওয়ার্ড নিউ সার্কুলার রোডের নিজ বাড়ি (পেশকার বাড়ি) থেকে তাকে আটক করা হয়। পরে স্বীকারোক্তি অনুযায়ী তার নিজ ঘরের ওয়্যারড্রবের ড্রয়ার থেকে ২ রাউন্ড গুলি ভর্তি বিদেশি পিস্তল ও রামদা উদ্ধার করা হয়।
র্যাব-৮ এর ১নম্বর কোম্পানি কোমান্ডার মেজর রাশেদুল হক খান জানান, আজাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৬১৬ ঘ.
bdnews24