২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকের মৃত্যুর পর মিরপুরে ভাংচুর

অবহেলায় এক শিক্ষকের মৃত্যুর অভিযোগ এনে মিরপুর ১০ নম্বর সেকশনের একটি বেসরকারি হাসপাতালে ভাংচুর চালিয়েছে ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2011, 09:41 AM

Updated : 24 Aug 2022, 04:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবহেলায় এক শিক্ষকের মৃত্যুর অভিযোগ এনে মিরপুর ১০ নম্বর সেকশনের একটি বেসরকারি হাসপাতালে ভাংচুর চালিয়েছে ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থীরা। ওই শিক্ষার্থীরা সড়কে কয়েকটি গাড়িও ভাংচুর করে। এই ঘটনায় পুলিশ ১৩ শিক্ষার্থীকে আটক করেছে। শনিবার দুপুরে ওই কলেজের বাংলার শিক্ষক কৃষ্ণা গাঙ্গুলি মারা যান। তিনি আজমল হাসপাতালে ভর্তি ছিলেন। তার মৃত্যুর পরপরই শিক্ষার্থী ভাংচুর চালায় বলে পুলিশ জানিয়েছে। হাসপাতাল ভাংচুরের পর দুপুর আড়াইটা থেকে ছাত্ররা রাস্তায় আটকে বিক্ষোভ শুরু করে। এসময় তারা ১৫ থেকে ২০টি গাড়ি ভাংচুর করে। ফলে মিরপুর ১০ নম্বর থেকে ১২ নম্বরমুখী সড়কে গাড়ি চলাচল দেড় ঘণ্টা বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেশ বেগ পেতে হয়। এসময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল বিনিময় হয়। বিকাল ৪টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং সড়ক দিয়ে গাড়ি চলাচল শুরু করে জানান মিরপুর থানার উপপরিদর্শক মিন্টু কুমার। তিনি জানান, যাদের থানায় ধরে আনা হয়েছে তাদের গ্রেপ্তারের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তাছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ বা কোনো গাড়ির মালিক বিকাল সাড়ে ৪টা পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেননি। মিরপুর থানার ওসি ওয়াজেদ আলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইটপটকেলে পুলিশের কয়েকজন সদস্য আহত হন। হাসপাতাল এবং কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজমল হাসপাতালে সন্তান প্রসবের পর সহকারী অধ্যাপক কৃষ্ণা গাঙ্গুলির অবস্থার অবনতি হয় বলে শিক্ষার্থীরা জানিয়েছে। অন্য হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। নবজাতক সুস্থ রয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, আজমল হাসপাতালে ভুল চিকিৎসার কারণেই কৃষ্ণার মৃত্যু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৭১৩ ঘ.