মাদারীপুর, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কালকিনি উপজেলায় নিষিদ্ধ ৭০টি ইয়াবাসহ এক তরুণীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার রাতে উপজেলা ডাসার গ্রাম থেকে ঝুমাকে (২০) গ্রেপ্তার করা হয়। তার বাবার নাম সৈয়দ জালালউদ্দিন।
মাদারীপুর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝুমার ঘরে অভিযান চালিয়ে একটি ওষুধের কৌটার মধ্য থেকে ৭০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
এ ঘটনায় একটি মামলা হয়েছে। শনিবার ঝুমাকে আদালতে পাঠানো হয়েছে।
ঝুমা দাবি করেছেন, তিনি যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের ভাতিজি। তার বাবা ও আবুল হোসেন চাচাতো ভাই। যোগাযোগমন্ত্রীর একটি প্রতিষ্ঠানে তার বাবা চাকরি করেন।
ঝুমার স্বামী খালেদ মাহমুদ ওমান প্রবাসী। ঝুমা দাবি করেছেন, তিনি ইয়াবা সেবন বা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত নন। তাকে ফাঁসানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৪৫০ ঘ.
bdnews24