২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখের দাম বাড়ানোর দাবি চাষীদের

আখের দাম মণ প্রতি ৬৭ টাকা বাড়ানোর দাবিতে চুয়াডাঙ্গার দর্শনায় মানববন্ধন করেছে চাষীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2011, 09:26 AM

Updated : 24 Aug 2022, 04:00 PM

চুয়াডাঙ্গা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আখের দাম মণ প্রতি ৬৭ টাকা বাড়ানোর দাবিতে চুয়াডাঙ্গার দর্শনায় মানববন্ধন করেছে চাষীরা। শনিবার সকাল ১১টায় দর্শনা বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালনের পর চিনিকল কর্মকর্তাদের কাছে স্মারকলিপি দেওয়া হয়। মানববন্ধনের সময় চুয়াডাঙ্গা-জীবননগর সড়কে প্রায় এক ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিলো। মানবন্ধনের সময় সমাবেশে কেরুজ চিনিকল মিল গেট আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি মো. আব্দুল হান্নান বলেন, বর্তমানে আখের মূল্য মিলগেটে ৮৩ টাকা ও বাইরের ক্রয়কেন্দ্র গুলোতে ৮১ টাকা। দাম কম থাকায় প্রতিবছর আখচাষীদের লোকসান দিতে হচ্ছে। আখের দাম মনপ্রতি দেড়শ টাকা করার দাবি জানিয়েছে চাষীরা। আখচাষী সরোয়ার হোসেন বলেন, "এখন চলছে আখ রোপণ মৌসুম। আখচাষীরা সরকারের মূল্য নির্ধারণের ঘোষণার দিকে তাকিয়ে আছে। দু'চারদিনের মধ্যে আখের মূল্যবৃদ্ধির ঘোষণা না এলে বেশিরভাগ আখচাষী তাদের জমিতে আখচাষ না করে অন্য ফসল চাষাবাদ শুরু করবেন।" বেলা ১২টায় আখচাষীরা কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (কৃষি) আলী কদরের কাছে আখের দাম ১৫০ টাকা মণ নির্ধারণের দাবি সম্বলিত স্মারকলিপি দেন। আলী কদর সাংবাদিকদের বলেন, '"আখচাষীদের দাবি যুক্তিসঙ্গত। সরকার আখের মূল্য বৃদ্ধির ঘোষণা দিলে তা হবে মঙ্গলজনক।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৫০৪ ঘ.