ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জে একটি বরযাত্রীবাহী নৌকা উল্টে নববধূসহ দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া রাঙ্গামাটিতে নদীতে ভেসে গিয়ে এবং টাঙ্গাইল ও পাবনায় পুকুরে ডুবে মারা গেছে চার শিশুসহ ৬ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সুনামগঞ্জ প্রতিনিধি জানান, সুনামগঞ্জ সদর উপজেলায় পৈন্দা নদীতে বরযাত্রীবাহী নৌকার ওপর আরেকটি ট্রলার উঠে গেলে নৌকাটি ডুবে যায়। এতে নববধূসহ দুইজনের মৃত্যু হয়। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার কাঠইর ইউনিয়নের নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাঁও গ্রামের আলাউদ্দিনের ছেলে কয়সর আহমদের (২৪) সঙ্গে সদর উপজেলার কাঠইর ইউয়িনের দেওয়াননগর গ্রামের মিরাজ আলীর মেয়ে মাহমুদা আক্তারের (১৯) বিয়ের পর নবদম্পতিসহ বরযাত্রীরা নৌকায় করে বরের বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হয়।
পথে কাঠইর ইউনিয়নের নারায়নপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া পৈন্দা নদীতে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রলার বরযাত্রীবাহী নৌকাটির ওপরে উঠে যায়। এ সময় বরযাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও কনে মাহমুদা এবং বরের চাচাত ভাই মিনহাজ (১৩) নিখোঁজ হয়। পরে নৌকাটি তীরে আনা হলে তার ভিতরে দুজনের লাশ পাওয়া যায়।
সদর থানার ওসি আবদুল আউয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ পেয়েছে।
রাঙামাটি প্রতিনিধি জানান, বাঘাইছড়ি উপজেলায় কাচালং নদীর স্রোতে ভেসে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, খেদারমারা ইউনিয়নের নলবনিয়া গ্রামের সূচি চন্দ্র চাকমা (৫২) এবং দুরছড়ি বাজার এলাকার হাজীপাড়া গ্রামের বাবুল দে (৫০)। বৃহস্পতিবার কাচলং নদীতে ভেসে যাওয়ার পর শুক্রবার নদী থেকে তাদের লাশ উদ্ধার করে এলাকাবাসী।
স্থানীয়রা জানান, নদী পার হতে গিয়ে নৌকা থেকে পড়ে যান সূচি চন্দ্র। আর গোসল করতে নেমে পানির স্রোতে ভেসে যান বাবুল।
বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক এসআই মো. ওয়াহিদুজ্জামান জানান, এ ব্যাপারে দুটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, জেলার বাসাইলে শুক্রবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলো, অশিয়া তাকবীর সুপ্রিয়া (৯) ও অরনী হাসান সাজন (৭)। তারা বাসাইল উওরপাড়ার শফিকুল ইসলাম খানের ছেলে-মেয়ে।
শফিকুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ২টার দিকে ছেলে-মেয়েকে নিয়ে তিনি পুকুরে গোসল করতে গেলে হঠাৎ তারা হারিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পাবনা প্রতিনিধি জানান, সাঁথিয়া উপজেলায় শুক্রবার দুপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়। এরা হলো উপজেলার গোরিগ্রামের মতিনের ছেলে সজিব (১০) এবং চাঁদপুর গ্রামের সুরুজ আলীর ছেলে সুজন (৫)।
শুক্রবার দুপুরে বাড়ির পাশে খেলা করতে গিয়ে নিখোঁজ হয় তারা। পরে পুকুরে তাদের লাশ ভেসে উঠে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/০১৪৫ ঘ.
bdnews24