২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পালিয়ে বাঁচলো পাঁচ ছাত্রী

নারী পাচারকারী চক্রের কবল থেকে পালিয়ে বেঁচেছে বলে দাবি করেছে ঝিনাইদহের পাঁচ স্কুলছাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2011, 06:38 PM

Updated : 24 Aug 2022, 03:59 PM

ঝিনাইদহ, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী পাচারকারী চক্রের কবল থেকে পালিয়ে বেঁচেছে বলে দাবি করেছে ঝিনাইদহের পাঁচ স্কুলছাত্রী। শুক্রবার বিকালে তারা অভিভাবকসহ ঝিনাইদহ সদর থানায় এসে এ ঘটনা জানায়। এরা হলো ঝিনাইদহ শহরের উপ-শহরপাড়ার শিলা মনি, ফাহিমা মেহজাবিন জিনিয়া, আয়েশা আক্তার হাসি, সানজিদা শিরিন মুক্তা ও তানজিলা ইসলাম মিম। ঝিনাইদহ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের এই ছাত্রীদের বয়স ১৩/১৪ বছরের মধ্যে। তানজিলা ইসলাম মিম পুলিশকে জানায়, সকালে তারা পাগলা কানাই এলাকায় প্রাইভেট পড়তে যাওয়ার জন্য উপশহরপাড়ার ভাংরিপট্টির সামনে দাঁড়িয়ে ছিল। বৃষ্টির কারণে তারা হেঁটে না গিয়ে ইজিবাইকের জন্য অপেক্ষা করছিল। এসময় পর্দা ঘেরা একটি ইজিবাইক এলে তারা ভাড়ার দরদাম করে তাতে উঠে বসে। গাড়িতে উঠে দেখে একজন বোরকা পরা মহিলা বসে আছে। ইজিবাইকের সিটে বসার পর নাকে এক ধরনের গন্ধ লাগার পরপরই তারা অজ্ঞান হয়ে যায়। দুপুর আড়াইটার দিকে জ্ঞান ফিরলে তারা দেখে একটি ছাদওয়ালা ঘরের মেঝেতে শুয়ে আছে। এলাকাটি ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারের পাশে বলে তারা জানায়। এরপর তারা পালিয়ে বাড়ি গিয়ে স্বজনদের জানায়। ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, বিকাল সাড়ে ৪টার দিকে পাঁ ছাত্রীকে সঙ্গে নিয়ে অভিভাবকরা থানায় এসে ঘটনা জানান। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ছাত্রীদের জিজ্ঞাসাবাদ করে রহস্য উদঘটনের চেষ্টা চালাচ্ছে। তারা স্থানটি চিহ্নিত করতে আগামীকাল (শনিবার) আবার থানায় আসবে বলে বাড়ি ফিরে যায়, বলেন ওসি। ঝিনাইদহের পুলিশ সুপারিনটেনডেন্ট মো. রেজাউল করিম জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩০ ঘ.