২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচদিনেও অপহৃত অটোরিকশাচালক উদ্ধার হয়নি

র‌্যাব পরিচয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা থেকে অপহৃত খোরশেদ আলম লিটনকে পাঁচদিনেও উদ্ধার করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2011, 06:09 PM

Updated : 24 Aug 2022, 03:59 PM

খাগড়াছড়ি, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাব পরিচয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা থেকে অপহৃত খোরশেদ আলম লিটনকে পাঁচদিনেও উদ্ধার করা যায়নি। গত সোমবার (১২ সেপ্টেম্বর) তৈইচলা পাড়া থেকে সিএনজি অটোরিকশাচালক লিটনকে অপহরণ করা হয়। একইদিন অপহরণকারীরা স্বজনদের কাছে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে (০১৮২৩৮২১২৮৫ নম্বর থেকে)। লিটনের স্ত্রী মরিয়ম আক্তার তাকে উদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও র‌্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। শুক্রবার খাগড়াছড়ি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই আবেদন জানান। সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শামসুল আলম। অপহৃত লিটনের ভাই রিয়াজ উদ্দিন সেলিম, মো. সুরু মিয়া সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে জবাব দেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, লিটনের মুক্তির বিনিময়ে ২৫ লাখ টাকা নোয়াখালীতে এসএ পরিবহনের মাধ্যমে মিজান নামে একজনকে দিতে বলা হয়। না হলে তাকে খুন করার হুমকি দেয়। এ ব্যাপারে ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম র‌্যাব কার্যালয়ে খোঁজ নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। মাটিরাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমানও এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। খোরশেদ আলম লিটনের স্ত্রী মরিয়ম আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার স্বামী সন্ত্রাসী নয়। আমরা তাকে ফিরে চাই। এক ছেলেকে নিয়ে আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রতিনিয়ত আমাকে মোবাইল ফোনে হুমকি দেওয়া হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৫ ঘ.