পঞ্চগড়, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিথ্যা অভিযোগে নারী নির্যাতন মামলা করায় এক নারীকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে পঞ্চগড়ের একটি আদালত।
এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাভোগ করতে হবে।
নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মাহাবুব-উল-ইসলাম বৃহস্পতিবার এ সাজা দেন।
দণ্ডিত রাহেনা বেগম পঞ্চগড় সদরের মালিপাড়া গ্রামের অলিয়ার রহমানের মেয়ে।
রায় ঘোষণার সময় রাহেনা বেগমসহ অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। বিকালেই রাহেনাকে কারাগারে পাঠানো হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
রাহেনা বেগম একই গ্রামের আতা হোসেনের ছেলে শাহাজাদ হোসেন সাজ্জাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় রাহেনাকে ধর্ষণের অভিযোগ আনা হয়। এছাড়া পরবর্তীতে তিনি অন্তঃসত্ত্বা হন।
মামলাটি চলাকালে রাহেনার একটি মেয়ে হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে সাজ্জাদ ও শিশুটির ডিএনএ (ডিঅক্সিরাইবো নিউক্লিক এসিড) পরীক্ষা করানো হয়। এতে মেয়েটি সাজ্জাদের নয় বলে প্রমাণিত হয়।
গত বছরের ৩০ নভেম্বর ওই মামলার রায়ে সাজ্জাদকে বেকসুর খালাস দেওয়া হয় এবং বলা হয় তিনি চাইলে আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন।
এরপর চলতি বছরের ২ জানুয়ারি সাজ্জাদ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে রাহেনা, তার মা-বাবাসহ পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা করেন।
সাজ্জাদের আইনজীবী জুলফিকার আলম নয়ন সাংবাদিকদের বলেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমে কোনো আসামির নির্দোষ প্রমাণিত হওয়া পঞ্চগড় জজ আদালতে এই প্রথম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৯৩৫ ঘ.
bdnews24