২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুহিতের এবারের লক্ষ্য মানাসলু চূড়া

এভারেস্ট বিজয়ের পর এবার পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ 'মানাসলু' অভিযানে যাচ্ছেন পর্বতারোহী এম এ মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2011, 12:27 PM

Updated : 24 Aug 2022, 04:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এভারেস্ট বিজয়ের পর এবার পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ 'মানাসলু' অভিযানে যাচ্ছেন পর্বতারোহী এম এ মুহিত। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এব সংবাদ সম্মেলনে মুহিত বলেন, "এভারেস্ট জয় মানে সব শেষ নয়। আমি প্রতিনিয়ত নতুন নতুন অভিযানে যেতে চাই।" বাংলা মাউন্টেইনিয়ারিং এন্ড ট্র্যাকিং ক্লাবের সদস্য মুহিতের সঙ্গে 'মানাসলু' অভিযানে সঙ্গী হচ্ছেন নারী অভিযাত্রী নিশাত মজুমদার। সংবাদ সম্মেলনে দুই অভিযাত্রীর হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে তাদের সাফল্য কামনা করেন অতিথিরা। মুহিত বলেন, "এভারেস্ট সবচেয়ে উঁচু হলেও ঝুঁকির দিক দিয়ে মানাসলুও কম নয়। নেপাল-তিব্বত সীমান্তে অবস্থিত হিমালয় পর্বতমালার মানাসলু শিখর ৮ হাজার ১৫৬ মিটার উঁচু এবং পৃথিবীর চতুর্থ বিপদজনক শৃঙ্গ হিসেবে পরিচিত। এ পর্যন্ত প্রায় সাড়ে চারশ অভিযাত্রী এই শৃঙ্গ জয় করেছেন। চূড়ায় পৌঁছানোর আগেই মারা গেছেন ৮০ জন।" সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান অনুষ্ঠানে বলেন, "আমাদের যুব সমাজ যে পিছিয়ে নেই, মুহিত-নিশাত তারই প্রমাণ।" মানাসলু অভিযানের জন্য দুই অভিযাত্রীকে শুভেচ্ছা জানান তিনি। নিশাতকে শুভেচ্ছা জানিয়ে আরেক সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল বলেন, "শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই এমন সাহসি মেয়ে কম।" মানাসলু জয়ের উদ্দেশ্যে দুই পর্বতারোহী আগামী ২০ সেপ্টেম্বর নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ২৩ সেপ্টেম্বর শুরু হবে তাদের ৪৫ দিনব্যাপী অভিযান। এ অভিযানের নেতা এম এ মুহিত ইতোমধ্যে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টসহ হিমালয় পর্বতমালার দুটি চূড়া জয় করেছেন। আর নিশাত জয় করেছেন ৬ হাজার মিটার উচ্চতার তিনটি শৃঙ্গ। অন্যদের মধ্যে অভিযানের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান কাজী ফার্মস লিমিটেডের পরিচালক কাজী জিসান হাসান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের হেড অব মার্কেটিং এন্ড ডেভেলপমেন্ট আজম খান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বাংলাদেশের দ্বিতীয় পর্বতারোহী হিসেবে চলতি বছর এভারেস্ট জয় করেন এম এ মুহিত। আর গত বছর প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট চূড়ায় পা রাখেন মুসা ইব্রাহীম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৮১২ ঘ.