ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংখ্যালঘুসহ স্থানীয়দের মারধর ও নির্যাতনের অভিযোগ তুলে নড়াইলের কালিয়া উপজেলা চেয়ারম্যান খান শামীমুর রহমান রহমানকে অপসারণের দাবি জানিয়ে ঢাকা মানববন্ধন করেছে ওই এলাকার পাঁচ শতাধিক মানুষ।
'সাম্প্রদায়িকতা ও নির্যাতনবিরোধী কালিয়া উপজেলাবাসী' ব্যানারে শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। তবে চেয়ারম্যান শামীম তার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
শামীমুর রহমানের (ওসি খাঁ) বিরুদ্ধে এ মানববন্ধনে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতাও ছিলেন। তারা অভিযোগ করেন, উপজেলা চেয়ারম্যান সংখ্যালঘু স¤প্রদায়ের ওপর নির্যাতন চালাচ্ছেন। তার নির্যাতনের হাত থেকে রেহাই পাচ্ছে না ব্যবসায়ীসহ অন্য দলগুলোর নেতা-কর্মীরাও।
কালিয়ার নড়াগাতী থানা আওয়ামী লীগের সভাপতি মফিজুল হক মানববন্ধনে বলেন, "আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ওসি খাঁ সংখ্যালঘুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর ধারাবাহিকভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছেন।"
এলাকায় শান্তি ফেরাতে ওসি খাঁকে অপসারণ করার দাবি সরকারের কাছে জানান তিনি। একই দাবি জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-সম্পাদক ও কালিয়ার চোরখালী গ্রামের অধিবাসী শ্যামল দাশ টিটু এবং কালিয়া থানা কমিটির প্রচার সম্পাদক রওশন জাহান কচি।
শ্যামল বলেন, "গত ঈদের পর আমার বাড়িতে নিমন্ত্রণ খেয়ে যাওয়ার পথে পাশের গ্রাম ব্রাহ্মণ পাটনার গোপাল চন্দ্র রায়কে মেরে হাত ভেঙে দিয়েছে ওসি খাঁ ও তার লোকজন।"
মতুয়া মহাসংঘের নড়াগাতী থানার সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা গোপালের স্থানীয় বড়দিয়া বাজারের ব্যবসায়ী। ওসি খাঁর বাড়ি বড়দিয়া হওয়ায় সেখানেই তার অত্যাচারের মাত্রা বেশি বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ নেতারা।
মানববন্ধনে অংশ নেওয়া আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় থেকে ওসি খাঁর নির্যাতনের মাত্রা চরমে ওঠে। আর এক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্য শেখ কবিরুল হক মুক্তির মদদ পাচ্ছেন তিনি।
আওয়ামী লীগ নেতা মুক্তি গত সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন। ওই আসনে মহাজোট প্রার্থী ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা বিমল বিশ্বাস। ভোটে জেতার পর মুক্তি আওয়ামী লীগে ফেরেন।
উপজেলার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা ও ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক নেতা এ হাসনাত চৌধুরী বলেন, "উপজেলা চেয়ারম্যান থেকে ওসি খাঁকে অপসারণের পাশাপাশি আওয়ামী লীগ থেকে তাকে আজীবন বহিষ্কারের জন্য দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে দাবি জানাচ্ছি।"
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) স্থানীয় নেতা ও উপজেলার খাঁশিয়াল গ্রামের বাসিন্দা সেকেন্দার হায়াৎ বলেন, "উপজেলা চেয়ারম্যান ওসি খাঁ ধারাবাহিকভাবে শিক্ষক, সংস্কৃতিকর্মী, প্রগতিশীল চিন্তাধারার এবং সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালিয়ে আসছে।"
তিনি অভিযোগ করেন, গত ১৯ জুন খাঁশিয়াল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওসি খাঁর পছন্দের প্রার্থীর পক্ষে কাজ না করায় বড়দিয়া বাজারে তাকে মারধর করা হয়।
ওসি খাঁর পক্ষে কাজ না করায় মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন নড়াগাতী থানা ছাত্রলীগের সভাপতি খান জিয়াউর রহমানও।
বৃষ্টিতে ভিজে মানববন্ধনে দাঁড়িয়ে ওসি খাঁর অপসারণ দাবি করেন খাঁশিয়াল গ্রামের বি এম ফেরদৌসি নাহার।
তিনি বলেন, "ওসি খাঁর ও তার লোকজন বড়দিয়া বাজারের দোকান লুট, নারী নির্যাতন ও যখন-তখন যাকে-তাকে মারধর করছে।"
অপমানিত হওয়ার আশঙ্কায় বাড়ি যাওয়া ছেড়ে দিয়েছেন বলে জানান ফেরদৌসি। একই ধরনের অভিযোগ করেন ডুমুরিয়া গ্রামের আমেনা বেগম ও বি এম নুরুন নাহার।
মানববন্ধনে সংহতি জানিয়ে ঢাকা মহানগরের ৫৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজল বলেন, "ওসি খাঁ যেন আরেক জয়নাল হাজারী হয়ে উঠেছেন।"
এলাকাবাসীর অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে শামীমুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আর তা করছে কমিউনিস্ট পার্টির লোকজন।"
মানববন্ধন কর্মসূচিতে কয়েকজন আওয়ামী লীগ নেতার উপস্থিতির কথা জানানো হলে তিনি এ ক্ষেত্রে দলীয় কোন্দলের কথা তুলে ধরেন।
ওসি খাঁ বলেন, 'অপপ্রচারের' বিরুদ্ধে তার পক্ষ নিয়ে আগামী কয়েকদিনের মধ্যেই হিন্দু স¤প্রদায়ের মানুষ মাঠে নামবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৭৫৯ ঘ.
bdnews24