ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছে ভারতের জমিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি এবং দেওবন্দ মাদ্রাসার উপ-উপাচার্য আল্লামা ক্বারী মো. ওসমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
মো. ওসমানের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন- সৌদি আরবের মক্কা নগরীর মুফতি আল্লামা সায়েক আব্দুল হাফিজ মালিক, গওহর ডাঙ্গা মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মুফতি রুহুল আমিন এবং বাংলাদেশ ইসলামিক রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান ও শোলাকিয়া ঈদ জামাতের ইমাম আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ প্রমুখ।
প্রধানমন্ত্রী তাদের বলেন, সরকারের বিরুদ্ধে 'তথাকথিত কয়েকটি ইসলামিক দলের' অপপ্রচারের জবাবে সত্যিকারের ইসলামি মূল্যবোধের আলোকে দেশ পরিচালনায় ইসলামিক চিন্তাবিদদের সমর্থন ও সহযোগিতা চান তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে গিয়ে তারা দেখা করেন।
প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশে ইসলামিক মূল্যবোধ ও সংস্কৃতির বিকাশে শেখ হাসিনার গৃহীত পদক্ষেপের এবং ইসলামের নামে অপকর্মের বিরুদ্ধে তার কঠোর পদক্ষেপেরও প্রশংসা করেন।
তারা প্রধানমন্ত্রীকে বলেন, তারা ইসলামের নামে কিছুসংখ্যক পথভ্রষ্ট লোকের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনমত গঠনে কাজ করে যাচ্ছেন।
এই সাক্ষাত অনুষ্ঠানে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২৩১৩ ঘ.
bdnews24