চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাসের অপচয় রোধে চট্টগ্রামে আবাসিক গ্রাহকদের প্রিপেইড মিটারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সানোয়ার হোসেন চৌধুরী বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, গ্যাস ব্যবহারে প্রিপেইড মিটার সংযোজনের সিদ্ধান্ত হয়েছে। তবে কবে নাগাদ তা শুরু করা হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
এ লক্ষ্যে কেজিডিসিএল একটি পাইলট প্রকল্প হাতে নেবে বলে জানান এমডি।
ওই প্রকল্পের আওতায় নগরীর খুলশী আবাসিক এলাকায় পরীক্ষামূলভাবে প্রিপেইড মিটার সংযোজন করার চিন্তা রয়েছে। প্রকল্পটি সফল হলে পর্যায়ক্রমে নগরীর সব আবাসিক এলাকায় এ মিটার সংযোজনের পদক্ষেপ নেওয়া হবে।
সানোয়ার জানান, বর্তমানে কেজিডিসিএল'র প্রায় এক লাখ ২৬ হাজার আবাসিক গ্রাহক আছে।
প্রিপেইড গ্যাস মিটার সংযোজনে কেজিডিসিএলকে সহযোগিতা করছে বুয়েটের ইনস্টিটিউট অব ইনফরমেশন এ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি)।
এ মিটার ব্যবহারের ফলে গ্রাহক ভোগান্তি কমার পাশাপাশি কেজিডিসিএল'র লোকবল কম প্রয়োজন হবে বলে মন্তব্য করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এএইচ/পিডি/২৩৪৪ ঘ.
bdnews24