ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে কিডনি কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে আরো দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- নাসির মাহমুদ ও মাহমুদ সুজন। এদের বৃহস্পতিবার রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো আট।
জয়পুরহাট থানা থেকে পুলিশের একটি দল বুধবার ঢাকায় আসে। তারা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুরে নাসিরকে পান্থপথ এবং সুজনকে কলাবাগান থেকে গ্রেপ্তার করে জয়পুরহাট রওনা দেয়।
জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোমেন মনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবৈধভাবে কিডনি কেনাবেচার চক্রের সবাইকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ইতিমধ্যে একই অভিযোগে গ্রেপ্তাররা পুলিশি জিজ্ঞাসাবাদে ও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অনেক নামি-দামি প্রতিষ্ঠান ও চিকিৎসক এর নাম বলেছে জানিয়েছেন পুলিশ সুপার।
জয়পুরহাট জেলায় দীর্ঘদিন ধরে একটি চক্র দরিদ্র মানুষদের টাকার বিনিময়ে কিডনি বিক্রি করতে প্ররোচিত করে আসছিলো। সম্প্রতি জেলার কালাই উপজেলার প্রায় দুশ মানুষের কিডনি বিক্রি করার সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়।
কিডনি বিক্রির চক্রে জড়িত সন্দেহে ইতিমধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ঢাকায় আসার পর বুধবার জয়পুরহাটের কালাই থানার ওসি ফজলুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল), ঢাকার ল্যাব এইড, কিডনি ফাউন্ডেশন, বারডেমসহ বেশ কয়েকটি সরকারি-বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান ও কয়েকজন শীর্ষস্থানীয় চিকিৎসকের নাম এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/প্রতিনিধি/পিডি/২২২৫ ঘ.
bdnews24