ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক নেতাসহ পাঁচ সদস্যের পদ কেন বাতিল হবে না তার কারণ দর্শাতে বলেছে ঢাকা আইনজীবী সমিতি।
পাঁচ আইনজীবী হলেন- মো. সানাউল্লাহ মিয়া, মো. খোরশেদ আলম, মাসুদ আহমেদ তালুকদার, মো. আবু ইউসুফ সরকার ও মো. নুরুজ্জামান।
নোটিসে বলা হয়, তারা বুধবার দুপুরে ঢাকা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনকে তার অফিসকক্ষে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন।
তাদের এই শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জবাব এবং তাদের সদস্যপদ কেন বাতিল করা হবে না তার কারণ দর্শাতে বলা হয়েছে নোটিসে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সহসাধারণ সম্পাদক এ কে এম আমিনউদ্দিন মানিক স্বাক্ষরিত এই কারণ দর্শানোর নোটিস জারি করা হয়।
গত ১৩ সেপ্টেম্বর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সানাউল্লাহ মিয়া ও মহসীন মিয়া-ইকবাল হোসেন গ্র"পের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের ওপর হামলা করা হয়। সেইসঙ্গে দুই গ্র"পের কনিষ্ঠ আইনজীবীদের মধ্যে হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটে।
নোটিস প্রসঙ্গে সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, তিনি নোটিস হাতে পাননি, তবে নোটিসের বিষয়টি শুনেছেন।
ঢাকা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সমিতির সিদ্ধান্তের ব্যাপারে তারা কঠোর থাকবেন।
সানাউল্লাহ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা ইউনিটের একাংশের সভাপতি। খোরশেদ ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। মাসুদ আহমেদ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২২১২ ঘ.
bdnews24