২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের অনুদান বেড়েছে

মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকার স্বীকৃতি হিসেবে খেতাবপ্রাপ্তদের আর্থিক অনুদান বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2011, 04:03 PM

Updated : 24 Aug 2022, 03:59 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকার স্বীকৃতি হিসেবে খেতাবপ্রাপ্তদের আর্থিক অনুদান বাড়ানো হয়েছে। বীরশ্রেষ্ঠ ভাতা ২০০ টাকা থেকে ১২ হাজার টাকা, বীরউত্তম ভাতা ১৫০ টাকা থেকে ১০ হাজার টাকা, বীরবিক্রম ভাতা ১২৫ টাকা থেকে ৮ হাজার টাকা এবং বীরপ্রতীক ভাতা ১০০ টাকা থেকে ৬ হাজার টাকা করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 'সামরিক বাহিনীসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের বীরত্ব বা সাহসিকতাপূর্ণ কাজের জন্য পদকপ্রাপ্তদের আর্থিক অনুদান বৃদ্ধি সংক্রান্ত' সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শাহেনুর মিয়া জানিয়েছেন। এছাড়া মুক্তিযুদ্ধকালীন সাহসিকতা কাজের স্বীকৃতি স্বরূপ দেওয়া খেতাব অন্য কোনো ক্ষেত্রে না দেওয়ার সিদ্ধান্তও হয়েছে। সভার এসব প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদনের পরই কার্যকর হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান। মুক্তিযুদ্ধকালীন সাহসিকতা কাজের স্বীকৃতি স্বরূপ দেওয়া খেতাব বিভিন্ন সময়ে অন্যান্য ক্ষেত্রেও দেওয়া হয়েছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অপারেশনে সাহসিকতার জন্য সশস্ত্র বাহিনী সদস্যদের এ ধরনের খেতাব দেওয়া হয়েছিলো। এ রকম ৫ জন বীরউত্তম, ২০ জন বীরবিক্রম এবং ৮২ জন বীরপ্রতীক খেতাব পেয়েছেন। পরে আর না দেওয়া হলেও এদের খেতাব বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে মুক্তিযুদ্ধ ছাড়া অন্যান্য ক্ষেত্রে যারা এ খেতাব পেয়েছেন তাদের ভাতা ২ হাজার থেকে ৬ হাজার টাকা করার প্রস্তাব রাখা হয়েছে। ভবিষ্যতে যুদ্ধে বীরত্বের পদকের নাম নির্ধারণ ভবিষ্যতে সরকার যদি কোনো যুদ্ধ ঘোষণা করে তাহলে সশস্ত্র বাহিনীর সদস্যদের যুদ্ধক্ষেত্রে বীরত্বের জন্য ৪ ধরনের পদক দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সভায়। পদকগুলো হচ্ছে- বীর সর্বোত্তম, বীর মৃত্যুঞ্জয়ী, বীর চিরঞ্জীব এবং বীর দুর্জয়। এসব পদকের ভাতার পরিমান ২ থেকে ৬ হাজার করার প্রস্তাব রাখা হয়েছে। সশস্ত্র বাহিনীর জন্য নতুন পদক সশস্ত্র বাহিনীর বীরত্বপূর্ণ কাজের জন্য ছয় ধরনের পদকের নাম প্রস্তাব করা হয়েছে। সেনাবাহিনী পদক, অসামান্য সেবা পদক, বিশিষ্ট সেবা পদক, সেনা গৌরব পদক, সেনা উৎকর্ষ পদক এবং সেনা পারদর্শিতা পদক। এসব পদকের মাসিক ভাতার পরিমাণ হবে যথাক্রমে আড়াই হাজার, ২ হাজার, ১৮০০, ১৭০০, ১৬০০ ও ১৫০০ টাকা। এসব পদকের জন্য একাকালীন ভাতা যথাক্রমে ১ লাখ, ৯০ হাজার, ৮০ হাজার, ৭০ হাজার, ৬০ হাজার এবং ৫০ হাজার টাকার প্রস্তাব রাখা হয়েছে। বিভিন্ন বাহিনীর জন্য চারটি করে পদক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পুলিশ, বিজিবি, আনসার, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের বীরত্বপূর্ণ কাজের জন্য চারটি করে পদক দেওয়ার প্রস্তাব করা হয়েছে। তা হচ্ছে- রাষ্ট্রপতি পদক, বাংলাদেশ পদক, বাংলাদেশ পদক (সেবা) এবং রাষ্ট্রপতি পদক (সেবা)। এসব পদকের জন্য এককালীন যথাক্রমে ১৫ হাজার, ১০ হাজার, ১৫ হাজার এবং ১০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এছাড়া ভাতার পরিমাণ যথাক্রমে ১৫০০ টাকা, ১ হাজার টাকা, ১৫০০ টাকা এবং ১ হাজার টাকার প্রস্তাব করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/২১১০ ঘ.