২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিকল্পিত ভূমি ব্যবহারের তাগিদ প্রধানমন্ত্রীর

কৃষি জমিকে রক্ষা করে ভূমির পরিকল্পিত ব্যবহারের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2011, 02:59 PM

Updated : 24 Aug 2022, 03:59 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি জমিকে রক্ষা করে ভূমির পরিকল্পিত ব্যবহারের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সচিবদের সঙ্গে সভায় এ বিষয়ে নজর রাখার জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখে তাদের চাহিদার আলোকে এবং জনউন্নয়নমূলক কাজগুলোকে অগ্রাধিকার দিতেও সচিবদের বলেন তিনি। মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী কৃষি জমির অপরিকল্পিত ব্যবহার এবং বিক্ষিপ্তভাবে বাড়িঘর ও শিল্প-কারখানা নির্মাণ বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, কৃষি জমির সর্বোত্তম ব্যবহার করে কৃষি জমি রক্ষা ও উৎপাদন বৃদ্ধি করতে হবে। এজন্য ভবন নির্মাণের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী স¤প্রসারণ এবং গৃহ ও কারখানা নির্মাণের জোনিং (অঞ্চলীকরণ) ব্যবস্থা চালু করতে হবে। চাষের জমিতে অহেতুক অবকাঠামো নির্মাণ বন্ধ করতে হবে। দেশে বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্প-কারখানা স্থাপনে অনাবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগে আগ্রহী করে তোলারও তাগিদ দেন শেখ হাসিনা। গ্যাস ও বিদ্যুতের সাশ্রয়ের তাগিদ দিয়ে তিনি বলেন, "আমাদের গ্যাস উৎপাদন বাড়াতে হবে। এজন্য দেশীয় প্রতিষ্ঠান বাপেক্সকে সর্বোচ্চ ব্যবহার করতে হবে। আরো বেশি করে গ্যাসকুপ খনন করতে হবে। বিদ্যুতের উৎপাদন বাড়াতে বেসরকারি খাতের বিনিয়োগকে তদারকি করতে হবে।" প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধেও সব মন্ত্রণালয়কে সমন্বয়ের মাধ্যমে কাজ চালিয়ে দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "শিক্ষা কার্যক্রমকে আরো জোরদার করতে সরকার শিক্ষা সহায়তা তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে এ তহবিলের জন্য আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে। খুব শিগগিরই তা চূড়ান্ত হবে। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিত্যপণ্যের বাজার মূল্য, গাড়িচালকদের ড্রাইভিং লাইসেন্স (গাড়ি চালনার সনদ) দেওয়া, প্রকল্প বাস্তবায়নে তদারকি জোরদার, জনপ্রশাসনকে গতিশীল করা, প্রশাসনের শূন্যপদে নিয়োগ ও পদোন্নতি, সিভিল সার্ভিস আইন প্রণয়ন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং জঙ্গি ও সন্ত্রাস দমনে তৎপরতার বিষয়েও আলোচনা হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। এডিপি বাস্তবায়নে সন্তোষ বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের অগ্রগতিতে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন বলে মন্ত্রিপরিষদ সচিব জানান। তিনি বলেন, গত বছরের এডিপির ৯২ শতাংশ বাস্তবায়িত হয়েছে। এর আগের বছরগুলোতে ৯১ শতাংশ এবং ৮৬ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছে। "কর্মকর্তাদের দক্ষতার কারণেই বাজেট দ্বিগুণ হওয়ার পরও এডিপি বেশি বাস্তবায়ন সম্ভব হয়েছে। এ কার্যক্রম আরো জোরদার করতে বলেছেন প্রধানমন্ত্রী," বলেন আজিজ। সভায় জানানো হয়, গত ৫ অগাস্ট পর্যন্ত মন্ত্রিসভার ১২৪টি বৈঠকে নেওয়া ৮৪১টি সিদ্ধান্তের মধ্যে ৬৯৭টি বাস্তবায়ন হয়েছে। এতে বাস্তবায়নের হার ৮৭ শতাংশ। অতীতে কখনোই এত সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, অতীত সরকারগুলোর সময় এর সর্বোচ্চ রেকর্ড ছিলো ৭১ শতাংশ। এখনকার হারে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২০৫৫ ঘ.