ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি মাসেই পল্টন ময়দানে জনসভা করে বিএনপি সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি দেবে বলে জানিয়েছেন সাদেক হোসেন খোকা।
তিনি বলেছেন, এ জনসভা হবে ২৭ সেপ্টেম্বর। সেখানে কর্মসূচি ঘোষণা করবেন দলটির প্রধান খালেদা জিয়া।
বিএনপির স্থায়ী কমিটির সঙ্গে আলোচনায় আন্দোলন কর্মসূচি ঠিক করে তা নিয়ে শরিক দলগুলোর সঙ্গে ইতিমধ্যে বৈঠক করেছেন খালেদা।
বৃহস্পতিবার সন্ধ্যায় নয়া পল্টনে মহানগর বিএনপি কার্যালয়ে এক যৌথ সভায় বিএনপির সহসভাপতি সাদেক হোসেন বলেন, "এই জনসভাকে স্মরণকালে সর্ববৃহৎ জনসভায় রূপ দিতে হবে।"
এ জন্য দলীয় নেতা-কর্মীদের রাজধানীর সব মহল্লা, ওয়ার্ড ও থানায় গণসংযোগ করতে দলীয় নেতাদের নির্দেশ দেন তিনি।
জনসভা উপলক্ষে পোস্টারিং, দেয়াল লিখন, প্রচারপত্র বিতরণ, ব্যানার টাঙানো এবং মাইকিং করা হবে বলে জানান বিএনপির মহানগর কমিটির আহ্বায়ক সাদেক হোসেন।
মহানগর সদস্য সচিব আবদুস সালাম বলেন, "জনসভার জন্য আমরা পল্টন ময়দান চেয়েছি। এই পল্টন ময়দানসহ তার চারপাশের এলাকায় সেদিন ব্যাপক জনসমাগম ঘটাতে হবে।"
যৌথসভায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়কদের মধ্যে কাজী আবুল বাশার, শামসুল হুদা, মোহাম্মদ মোহন, আবু সাঈদ খান খোকন, আবদুল আলিম নকি, উলামা দলের সাধারণ সম্পাদক শাহ নেসারুল হকসহ বিভিন্ন ওয়ার্ডের কমিশনার ও থানা সভাপতি- সাধারণ সম্পাদক এবং অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/পিডি/১৯০১ ঘ.
bdnews24