হবিগঞ্জ, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক বাড়িতে চোর ধরার সময় চোরের ছুরিকাঘাতে নিহত হয়েছেন গৃহকর্তা।
চুনারুঘাটের পাইকুড়া গ্রামে বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মাখন চন্দ্র শীল (৪৮) ওই গ্রামের প্রয়াত গুরুধন শীলের ছেলে।
চুনারুঘাট থানার ওসি আব্দুল কাইয়ূম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘরের সিঁদ কেটে মাখনের বাড়িতে একাধিক চোরের একটি দল হানা দেয়। চোরের উপস্থিতি টের পেয়ে মাখন এক জনকে ধরে ফেলার চেষ্টা করলে চোরেরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
দ্রুত মাখনকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৫২৬ ঘ.
bdnews24