২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সার্ককে সফল করতে চাই জ্বালানি সহযোগিতা'

সার্ক অঞ্চলে জ্বালানি সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এ অঞ্চলে প্রবৃদ্ধিকে ধরে রাখতে হলে অবাধ জ্বালানি প্রবাহ অব্যাহত রাখতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2011, 08:04 AM

Updated : 24 Aug 2022, 03:59 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার্ক অঞ্চলে জ্বালানি সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এ অঞ্চলে প্রবৃদ্ধিকে ধরে রাখতে হলে অবাধ জ্বালানি প্রবাহ অব্যাহত রাখতে হবে। বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারা হোটেলে চতুর্থ সার্ক জ্বালানিমন্ত্রী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে সার্কের মহাসচিব এবং সদস্য দেশগুলোর জ্বালানি মন্ত্রীরা ছিলেন। সার্কের মাধ্যমে আঞ্চলিক অর্থনৈতিক সমন্বয় ও পারস্পরিক নির্ভরশীলতার ওপর জোর দিয়ে শেখ হাসিনা বলেন, এ অঞ্চলের দেশগুলোর মধ্যে অর্থনৈতিক উন্নয়নে কিছুটা পার্থক্য থাকলেও জ্বালানি ক্ষেত্রে রয়েছে অভিন্ন চ্যালেঞ্জ। এ জন্যেই সাম্প্রতিক বছরগুলোতে সার্ক এজেন্ডায় জ্বালানি খাতকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে। "সার্কের সফলতা তখনই আসবে যখন জ্বালানি সমস্যা সমাধানে সদস্য দেশগুলো একযোগে কাজ করবে। সম্মিলিত প্রয়াসের মাধ্যমে সফলতা অর্জন করতে পারলে দক্ষিণ এশিয়া হবে বাস্তবিকভাবেই একটি একীভূত অর্থনৈতিক শক্তি", আশা প্রকাশ করেন তিনি। দক্ষিণ এশিয়ার বর্ধনশীল প্রবৃদ্ধি বৈশ্বিক প্রবৃদ্ধি অর্জনে সহায়ক ভূমিকা রাখছে জানিয়ে এ গতি অব্যাহত রাখতে সবার প্রতি তাগিদ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "আমাদের এ অগ্রযাত্রার পাশাপাশি বেশ কিছু চ্যালেঞ্জও মোকাবেলা করতে হচ্ছে। জনগণের বর্ধিত জ্বালানি চাহিদা পূরণ এ চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম। দ্রুত বর্ধনশীল প্রবৃদ্ধিকে ধরে রাখতে হলে অবাধ জ্বালানি প্রবাহ অব্যাহত রাখতে হবে।" সার্ক কার্যকরের ওপর জোর দিয়ে হাসিনা বলেন, "আমরা সার্কের মাধ্যমে আঞ্চলিক অর্থনৈতিক সমন্বয় ও পারস্পরিক নির্ভরশীলতার ওপর গুরুত্ব দিচ্ছি। কারণ, আমাদের সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে না পারলে এ অঞ্চলের প্রধান শত্র" দারিদ্র্যকে বিতাড়িত করা সম্ভব হবে না।" ২০২১ সাল নাগাদ ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, "এ পরিপ্রেক্ষিতে আমরা আন্তঃসীমান্ত বিদ্যুৎ বিনিময়কে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি। আমরা এখন ভারত এবং মিয়ানমারের সঙ্গে বিদ্যুৎ বিনিময় কৌশল নিয়ে কাজ করছি।" "আমি বিশ্বাস করি, মিয়ানমার, ভুটান ও নেপালের জলবিদ্যুৎ উৎপাদনের সামর্থ্যকে পুরোপুরি কাজে লাগাতে পারলে আমরা এ অঞ্চলে ক্লিন এনার্জি উৎপাদনে আত্মনির্ভরশীল হতে পারব। এর ফলে এ অঞ্চলের পরিবেশ বিপর্যয় রোধ সম্ভব হবে," বলেন হাসিনা। তিনি বলেন, "আমরা সার্ক ও বিমসটেকের মাধ্যমে একটি শক্তিশালী আঞ্চলিক সহযোগিতা গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছি। এ জন্য আমরা বাংলাদেশ এবং ভারতের মধ্যে সার্ক আন্তঃদেশীয় গ্রিড সংযোগ স্থাপনের কাজ করছি। এই গ্রিড সংযোগ স্থাপিত হলে অন্যান্য সার্ক সদস্য দেশেও গ্রিড সংযোগ স্থাপন সহজ হবে।" জ্বালানি উন্নয়ন নীতিতে পরিবেশসম্মত জ্বালানি ব্যবহারের ওপর জোর দেওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বড় নীতিগত বিষয়গুলোর পাশাপাশি কিছু বাস্তবমুখী সহযোগিতামূলক উদ্যোগ নেওয়ার সুপারিশও করেন তিনি। 'সার্ক আঞ্চলিক বাণিজ্য স্টাডি' চূড়ান্ত করায় সন্তুষ্টি প্রকাশ করে হাসিনা বলেন, এ স্টাডিতে সুনির্দিষ্ট ও সময়ভিত্তিক সুপারিশ করা হয়েছে। এটা আমাদের সবার জন্য আনন্দের বিষয় যে ঢাকায় এ সম্মেলনে তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হচ্ছে। "আমি মনে করি, সার্ক অঞ্চলে 'জ্বালানি নিরাপত্তা' নিশ্চিত করতে এ পদক্ষেপ অত্যন্ত ফলপ্রসূ হবে। জ্বালানি বাণিজ্য, প্রচলিত ও নবায়নযোগ্য জ্বালানি সম্পদ বিশেষ করে জলবিদ্যুৎ উৎপাদন ও গ্রিড আন্তঃসংযোগ স্থাপনে এ স্টাডি কার্যকর ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি," বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৪৩৫ ঘ.